সংযুক্ত আরব আমিরাতে ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে চলে যান বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান। যদিও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগে ব্যাট হাতে তিনি ব্যর্থ হচ্ছেন। প্রথম দুই ম্যাচেই ‘ডাক’ পেয়েছেন। আর বল হাতে ৬৩ রানের খরচায় নিয়েছেন তিন উইকেট।
২১ সেপ্টেম্বর প্রভিডেন্সে প্রথম ম্যাচেই ফ্লপ করেন সাকিব। তিনি ব্যাট হাতে প্রথম বলে শূন্য রানে ইমাদ ওয়াসিমের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এরপর বোলিংয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। যদিও সাকিবের অনুজ্জ্বল ম্যাচে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১২ রানের জয় তুলে নেয়।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন সাকিব। যদিও ফাফ ডু প্লেসির সেঞ্চুরিতে ভর করে তাদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংস ১৯৪ রানের সৌধ গড়ে। আগের ম্যাচের মতোই এদিনও প্রথম বলেই ‘ডাক’ মেরে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। এরপরও জিতেছে সাকিবের দল। শাই হোপ (৫৯), রহমানউল্লাহ গুরবাজ (৫২) ও শিমরন হেটমায়েরের (২৮ বলে ৩৬) ব্যাটে ভর করে ৬ উইকেট ও ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।
টানা দুই জয়ের পরও ছয় দলের এই আসরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে গায়ানা। বারবাডোজ রয়্যালস ৯ ম্যাচের ৮টিতেই জিতে শীর্ষে অবস্থান করছে। এরপর সেন্ট লুসিয়া, জ্যামাইকা তালাওয়াস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গায়ানা ও ত্রিনবাগো।
রোববার ভোরে একই মাঠে ত্রিনবার্গো নাইট রাইডার্সের মুখোমুখি হবে
গায়ানা। দেখা যাক,
এ ম্যাচে ব্যাট
হাতে জ্বলে উঠতে পারেন কিনা সাকিব।










