আসন্ন টি২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। গতকাল শুক্রবার বিশ্বকাপ ও পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দল ঘোষণার কয়েক ঘণ্টা পর ইংলিশ শিবিরে আসে দুঃসংবাদ। দলের অন্যতম ব্যাটার জনি বেয়ারস্টো গলফ খেলার সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন।

এক বিবৃতিতে ইসিবি জানায়, বেয়ারস্টো নিম্নাঙ্গে চোট পেয়েছেন। তার বাম পা দেখে এটাই বোঝা যাচ্ছে। এর প্রভাব বা সম্পূর্ণ মাত্রা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহে বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন বেয়ারস্টো।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে হ্যারোগেটের কাছে পান্নাল গলফ ক্লাবে খেলার সময় আঘাত পান বেয়ারস্টো। চোটটি গুরুতর বলে মনে হচ্ছে। সেখানে চিড় ধরেছে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজ থেকেও বাদ পড়বেন বেয়ারস্টো। এদিকে ইংল্যান্ডের বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি জেসন রয়ের।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের মাটিতে সাত ম্যাচের টি২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি২০ বিশ্বকাপ ২০২২।

ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপের স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, স্যাম কারান, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, রিচার্ড গ্লিসন, লিয়াম ডওসন, টম হেলম, উইল জ্যাক, ওলি স্টোন ও লুক উড।