দীর্ঘদিন ধরে বিরল রোগে ভোগার পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শাপুর জাদরান মারা গেছেন। আজ মঙ্গলবার ৩৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, গত কয়েক মাস ধরে ভারতের দিল্লিতে তার চিকিৎসা চলছিল। তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামে একটি বিরল রোগে আক্রান্ত ছিলেনে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক শোকবার্তায় বোর্ড জানায়, আফগানিস্তানের ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন শাপুর জাদরান। তার নিষ্ঠা, আবেগ ও অঙ্গীকার দেশের ক্রিকেটের উত্থান ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাদরান ৪৪টি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি উইকেট শিকার করেন।
এছাড়া, ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়সূচক রানও করেছিলেন তিনি। সেই জয়টি ছিল বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম জয়।









