রিয়াল বেতিসকে ৫-৩ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে চার পয়েন্টে পেছনে ফেলেছে বার্সেলোনা। আজ অবশ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের সামনে। ঘরের মাঠে সেল্টা ভিগোকে হারালেই ফের বার্সার কাছাকাছি পৌঁছে যাবে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজ জিতলে জাবি আলোনসোর দলের পয়েন্ট হবে ৩৯।

শনিবার রাতে হ্যাটট্রিক করে বার্সাকে জিতিয়েছেন ফেরান তোরেস। এছাড়া লামিনে ইয়ামাল ও রুনি বর্দজি একটি করে গোল করেন। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। ম্যাচের ১১, ১৩ ও ৪০ মিনিটে গোল তিনটি করেন তিনি। ষষ্ঠ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর টানা পাঁচ গোল করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪০ মিনিটের মধ্যে ৪-০তে লিড নেয় কাতালানরা। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম গোলটি করেন লামিনে ইয়ামাল। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে ব্যবধান কমায় বেতিস। যদিও বার্সাকে জয়বঞ্চিত করতে পারেনি তারা।