প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরে গতকাল ইন্দোনেশিয়াকে ১০-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে খেলা নিশ্চিত করে তারা। 

বাংলাদেশের হয়ে অর্পিতা পাল তিনটি এবং আইরিন রিয়া ও কনা আক্তার দুটি করে গোল করেন। নাদিরা, লিমা, সানজিদা একটি করে গোল পান।

চলমান এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ হকিতে গতকাল পর্যন্ত মেয়েদের বিভাগে সাত দলের মধ্যে তিনে ছিল বাংলাদেশ। চীনা তাইপে, থাইল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান ১২। তাইপে খেলেছে ৪টি ম্যাচ। থাইল্যান্ড ও বাংলাদেশ খেলেছে ৫টি করে ম্যাচ। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে বাংলাদেশ আরো ভালো অবস্থান নিয়ে শেষ করতে পারবে। 

টুর্নামেন্টের ৭ দলের মধ্যে প্রথম ৫টি উঠবে এশিয়া কাপে। শীর্ষ পাঁচে থাকা নিশ্চিত করেছে বলে বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপে খেলার টিকিটও নিশ্চিত।

২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথমবার এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে অংশ নেন বাংলাদেশের মেয়েরা, যা ছিল আন্তর্জাতিক হকিতে তাদের প্রথম অংশগ্রহণ। সেবার শ্রীলংকা ছাড়া আর কাউকে হারাতে পারেনি লাল-সবুজরা, তারা ৬ দলের মধ্যে হয়েছিল পঞ্চম। দ্বিতীয় অংশগ্রহণে এশিয়া কাপে খেলার লক্ষ্যপূরণ হলো বাংলাদেশের। 

বাংলাদেশ দলের কোচ জাহিদ হোসেন সিঙ্গাপুর থেকে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপ হকিতে খেলবে। আমাদের মেয়েরা যে হকিতে এগিয়ে আসছে, এটা তারই প্রমাণ।’

থাইল্যান্ডকে ৫-৪ গোলে, হংকং চায়নাকে ২-১ গোলে, শ্রীলংকাকে ৭-২ গোলে হারানোর পর চায়নিজ তাইপের কাছে হেরে যায় বাংলাদেশ। গতকাল আবার জয় পেয়েছে জাহিদ হোসেনের দল।

ছেলেদের বিভাগে চার ম্যাচের চারটিই জিতে গ্রুপসেরা হয়ে এশিয়া কাপে উঠেছে বাংলাদেশ। ছেলেরা এর আগেও এশিয়া কাপে খেলেছেন। গতকাল চায়নিজ তাইপেকে ৫-১ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে ফাইনালে উঠেছে বাংলাদেশ।