শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৫তম আসর শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের মিশন শুরু হবে ৩০ আগস্ট। সাকিব আল হাসানরা সেদিন মুখোমুখি হবেন আফগানদের। তবে তার আগেই মাঠে থাকছে বাংলাদেশ। আজ ভারত ও পাকিস্তানের আগুন ম্যাচে অফিশিয়ালদের মধ্যে দুজনই বাংলাদেশের।
ম্যাচ রেফারির সঙ্গে অফিশিয়াল হিসেবে থাকেন আরো চারজন। দুজন অনফিল্ড আম্পায়ার ছাড়াও রয়েছেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার। বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।
এশিয়া কাপের এবারের আসরে আম্পারিংয়ের জন্য বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন এ দুজন। ৪৭ বছর বয়সী মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ৪৭টি ওয়ানডে ও ২৩টি টি২০ ম্যাচ পরিচালনা করেছেন। নারী ক্রিকেটে ৫টি ওয়ানডে আর ৮টি টি২০ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ৪৩ বছর বয়সী গাজী সোহেল ৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ২৮টি টি২০ ম্যাচ পরিচালনা করেছেন।










