টি২০ এশিয়া কাপের সুপার-ফোরের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে আসরে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দুইবারের চ্যাম্পিয়নরা। একদিকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার সেরা হওয়ার ক্রিকেটীয় লড়াইয়ে অবতীর্ণ বাবর-রিজওয়ানরা। অন্যদিকে পাকিস্তানে লাখ লাখ মানুষ লড়াই করছেন বন্যার সঙ্গে।

এরই মধ্যে বন্যায় দেশটিতে এক হাজারের অধিক মানুষ মারা গিয়েছে। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের মানুষ। ভেসে গেছে রাস্তা-ঘাট, বাড়িঘর ও ফসলাদি। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিন কোটি মানুষ।

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুইট বার্তায় এ জয় উৎসর্গ করেছেন স্বদেশের বন্যার্তদের জন্য। টুইটারে এক পোস্টে বাবর লিখেছেন, আলহামদুলিল্লাহ, দল সেরা নৈপুণ্য দেখিয়েছে শ্বাসরূদ্ধকর ম্যাচে। চমৎকার ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। এই জয় সেই সব মানুষদের জন্য যারা আমাদের পাকিস্তানে বন্যার সঙ্গে লড়াই করছেন।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জবাবে এক বল ও পাঁচ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে রিজওয়ান ৫১ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলেন। ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন নওয়াজ। বল হাতেও ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে একটি উইকেট নেন এই অলরাউন্ডার। ফিল্ডিংয়েও ছিলেন দলের সেরা ফিল্ডার। তিনটি উইকেট শিকার হয় তার তালুবন্দীতে (ক্যাচ)। ম্যাচ সেরাও হয়েছেন পাকিস্তান-পাঞ্জাবের এই ক্রিকেটার।

মূলত দুই উইকেট হারানোর পর নওয়াজকে আগে নামিয়ে দিয়ে বাজি ধরে পাকিস্তান। ম্যাচের ব্যবধান গড়ে দেন এই বাঁহাতি।

ম্যাচ শেষে বাবর ব্যাখ্যা দিয়েছেন কেন নওয়াজকে আগে ব্যাটিংয়ে পাঠানো হলো। বাবর বলেন, নওয়াজ এমনিতে ভালোই ব্যাট করে। তখন ভারত দুই লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। সেটা দেখেই নওয়াজকে আগে পাঠাই। সেটা কাজে লাগায় আমি খুশি।

বাবর আরো বলেন, পুরো ম্যাচেই অতিরিক্ত চাপে পড়িনি। ভারতের কাছে আগের ম্যাচে হারের কথা মাথায় না রেখে নতুনভাবে শুরু করার কারণেই ম্যাচ জিততে পেরেছি। বাবর জানালেন, রিজওয়ান-নওয়াজের ওই জুটি ম্যাচের টার্নিং পয়েন্ট। অসাধারণ একটা জুটি দেখলাম।