কলম্বোর এসএসসি গ্রাউন্ডের যে উইকেটে রীতিমতো ধুঁকেছেন বাংলাদেশের এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তরা, সেই উইকেটকেই ব্যাটিং স্বর্গ বানালেন শ্রীলংকানরা। বাংলাদেশ ২৪৭ রানে অলআউট হয়ে গেলেও লংকানরা ২ উইকেটে ২৯০ রান তুলে স্বস্তিতে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে। ৮ উইকেট হাতে নিয়ে তাদের লিড ৪৩ রানের।
শ্রীলংকাকে এগিয়ে রেখেছেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। নিশাঙ্কা ও লাহিরু উদারা উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করার পর দ্বিতীয় উইকেটে ১৯৪ রান যোগ করেন নিশাঙ্কা ও চান্দিমাল। এ জুটি যতক্ষণে ভেঙে যায় ততক্ষণে স্বাগতিক দলের স্কোরবোর্ডে জমা পড়ে যায় ২৮২ রান। চান্দিমাল ব্যক্তিগত ৯৩ রানে নাঈম হাসানের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। মাত্র ৭ রানের জন্য ১৭তম টেস্ট সেঞ্চুরিটা পাওয়া হলো না তার। এরপর দিনের খেলা শেষ হওয়ার আগে নাইটওয়াচম্যান প্রবথ জয়সুরিয়াকে নিয়ে ৮ রান যোগ করেন নিশাঙ্কা। নিশাঙ্কা ১৪৬ ও প্রবথ ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
অনবদ্য ব্যাটিং করেন নিশাঙ্কা। গল টেস্টে ১৮৭ রানের রাজসিক ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি। এবার কলম্বো টেস্টেও পেলেন সেঞ্চুরি। গতকাল তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের রানকে অবলীলায় টপকে যায় স্বাগতিকরা। নিশাঙ্কা তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ২৩৮ বলে ১৮ বাউন্ডারির সাহায্যে ১৪৬ রান করে তিনি অপরাজিত।
এর আগে ৯ উইকেটে ২২০ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৪৭ রান তুলে অলআউট হয়ে যায়। ৬০ বলে ৩৩ রান করা তাইজুল ইসলাম অভিষিক্ত সোনাল দিনুশার শিকার হলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।










