আগামী মাসে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে এ মাসের শেষে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে তারা। এ সফরের জন্য আজ রোববার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পিটার বাটলারের এ স্কোয়াডে জায়গা পেয়েছেন তারই বিরুদ্ধে বিদ্রোহ করা ৯ ফুটবলার—রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা। যদিও দলে জায়গা হয়নি সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী, সানজিদা আক্তার ও নিলুফা ইয়াসমিন নিলার। ৷

গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। দুটিতেই ১-৩ গোলের ব্যবধানে হেরে যায় লাল-সবুজরা। সেই স্কোয়াডের ১১ জনকে জর্ডান সফরের স্কোয়াডে রেখেছেন বাটলার। তারা হলেন আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা ও নবীরণ খাতুন। নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন গোলকিপার ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।

৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। আগামীকাল সকালে জর্ডান রওনা হওয়ার কথা বাটলারের দলের। ২৩ জুন শুরু হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব, চলবে ৫ জুলাই পর্যন্ত। মিয়ানমারে ‘সি’ গ্রুপের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার। ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি। মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি। ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।