দাপটেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর মূল পর্বে নাম লেখাল শ্রীলংকা। রোববার সুপার সিক্স পর্বে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ছিয়ানব্বইয়ের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন বাকি এক টিকিটের লড়াই। ১ জুলাই স্কটল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

 

বাকি একটি টিকিটের জন্য এখন লড়াই হবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। আগামীকাল মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে উঠবে জিম্বাবুয়ে। অবশ্য স্কটল্যান্ড জিতলে তখন তাদেরও জিম্বাবুয়ের সমান ৬ পয়েন্ট হয়ে যাবে। তাতে জমে উঠবে লড়াই এবং রেসে থাকবে ডাচরাও। তারা আজ ওমানকে ও ৬ জুলাই স্কটল্যান্ডকে হারালে ৬ পয়েন্ট হয়ে যাবে। তখন তিন দলের সমান পয়েন্ট দাঁড়াবে। সেক্ষেত্রে নিট রানরেট যাদের ভালো তারাই উঠে যাবে বিশ্বকাপে।

 

ক্রিকেটের হেভিওয়েট দল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই এবার ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ আসর। আইসিসি ওয়ানডে সুপার লিগ টেবিলে শীর্ষ আটে না থাকায় তাদের খেলতে হচ্ছে বাছাইপর্ব। এখানে তারা ফেভারিট হিসেবে শুরু করলেও নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে যায় ‘‌মেরুন’রা। ফলে ওয়ানডেতে দুইবার ও টি২০তে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসর দেখবে দর্শক হয়ে।

 

আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত।