এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয় পেয়েছে লা লিগার শিরোপায় এক হাত দিয়ে ফেলেছে বার্সেলোনা। তবে ম্যাচ চলাকালীন একটি ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্লগ্রানারা। ম্যাচের অন্তিম মুহূর্তে ফারমিন লোপেজের গোল বাতিল হয়েছে হ্যান্ডবলের সিদ্ধান্তে। তখন ভিএআর রুম থেকে শোনা গেছে একটি মন্তব্য—‘মেনোস মাল’, যার বাংলা অর্থ ‘ভাগ্যিস’ বা ‘বাঁচা গেল’। খবর ফোর্বস।
ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার মাত্র কয়েকদিনের ব্যবধানে বার্সা আবার মাঠে নামে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। শারীরিক ও মানসিক ক্লান্তির মধ্যেও কিলিয়ান এমবাপের জোড়া গোলে পিছিয়ে পড়া বার্সা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই ৪-২ গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-৩ ব্যবধানে।
তবে এল ক্লাসিকোর একাধিক সিদ্ধান্তে ভিএআর রেফারিদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে বার্সা মিডফিল্ডার ফারমিন লোপেজের হ্যান্ডবলের ঘটনায় গোল বাতিল করার সময় স্প্যানিশ ভিএআর রেফারি হুয়ান মার্টিনেজ মুনুয়েরার কথোপকথন ফুটেজে ধরা পড়ে—‘সুনিশ্চিতভাবে হাত লেগেছে… থ্যাঙ্ক গুডনেস।‘
এই মন্তব্যেই বার্সার ক্ষোভের বিস্ফোরণ। সমর্থকদের দাবি, রেফারি নিরপেক্ষ থাকলে এমন বক্তব্য তার মুখ থেকে আসতে পারে না। সাংবাদিক টনি হুয়ানমার্তি বলেন, ‘বার্সেলোনাকে অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে এর ব্যাখ্যা চাওয়া উচিত।‘
ম্যাচের ফলাফল বার্সার পক্ষেই গেছে এবং লা লিগায় তারা এখন ৭ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষে। তবু সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগের বিতর্কিত রেফারিংয়ের সঙ্গে মিলিয়ে অনেকে এই ভিএআর কক্ষের আচরণকে ‘ট্রেন্ড’ হিসেবে দেখছেন।
বার্সার ভক্তদের ভাষায়—‘এবার জিতেছি ঠিকই, কিন্তু যখন হারব তখন কী হবে?’















