জিম্বাবুয়েতে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সোমবার সুপার সিক্সের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ইংলিশ যুবারা ১২ ওভারে ২ উইকেটে ৫৩ রান তুলেছে। দুটি উইকেটই নিয়েছেন পেস বোলার আল ফাহাদ।
বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। রিফাত বেগ ৩১, মো. আব্দুল্লাহ ২৫ ও অধিনায়ক আজিজুল হাকিম ২০ রান করেন। সেবাস্টিয়ান মর্গান ২৮ রানে তিনটি এবং রালফি আলবার্ট ও ম্যানি লাম্বস দুটি করে উইকেট নেন।
‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার সিক্স পর্বে উঠেছে বাংলাদেশ। সুপার সিক্সে তাদের খেলতে হবে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। সুপার সিক্সে গ্রুপ-১-এ ছয়টি ও গ্রুপ-২-এ ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশের গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে অবস্থান করছে ভারত ও ইংল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান তিনে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ঝুলিতে সমান ১ পয়েন্ট এবং জিম্বাবুয়ের শূন্য।
যুব বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে ভারত। ২০২০ সালে শিরোপা জয় করে বাংলাদেশ।









