উভয় দল নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারলে বিদায়, জিতলে টিকে থাকবে নকআউটে ওঠার সম্ভাবনা—এমন বাস্তবতায় উভয় দলের জন্য বাঁচা-মরার এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
গত বুধবার আলজেরিয়া ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনার কাছে। বিশ্ব চ্যাম্পিয়নদের তিনটি গোলই করেন ৩৮ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। একই দিন জর্ডানকে ৩-১ গোলে হারায় ইউরোপের দেশ অস্ট্রিয়া। টেবিলের এক ও দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া এবং তিন ও চারে নবাগত জর্ডান ও আলজেরিয়া।
গতকাল রাতে ডালাসে আর্জেন্টিনার মুখোমুখি হয় অস্ট্রিয়া। ওই ম্যাচের ফল যাই হোক না কেন, বিশ্বকাপে টিকে থাকতে চাইলে আজ জিততেই হবে আলজেরিয়া ও জর্ডানকে। ভুল করলেই বিদায়।
ইউরোপের দল অস্ট্রিয়ার উচ্চমানের দক্ষতার কাছে মার খেয়ে যায় জামাল সেলামির জর্ডান। তবে ওই ম্যাচে তাদের লড়াকু ফুটবল প্রশংসা কুড়িয়েছে সবার। ২০ মিনিটে গোল খেয়ে ৫০ মিনিটে তা পরিশোধ করে ফেলে জর্ডান। এরপর ৭৬ মিনিটে জর্ডানের করা আত্মঘাতী গোল আর যোগ করা সময়ের ১২তম মিনিটে অস্ট্রিয়ার পেনাল্টি গোল ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এছাড়া বাকিটা সময় অস্ট্রিয়ার চোখে চোখ রেখেই লড়েছে তারা।
জর্ডানের নকআউটে ওঠা কিংবা প্রথম পয়েন্ট অর্জনের স্বপ্নপূরণ নির্ভর করছে মুসা আল-তামারির নেতৃত্বাধীন আক্রমণভাগ আর ব্যাকলাইনের ওপর। আজ রিয়াদ মাহদেজদের আলজেরিয়াকে আটকাতে চাইলে নিশ্ছিদ্র রক্ষণদেয়াল তৈরি করতে হবে মধ্যপ্রাচ্যের দল জর্ডানকে। সেই সামর্থ্য তাদের আছে, এখন প্রয়োজন নিজেদের মেলে ধরার। ৬৩ র্যাংকধারী জর্ডানের সামনে র্যাংকিংয়ের ২৮ নম্বর দল আলজেরিয়া। শুধু র্যাংকিংয়েই নয়, দুইবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা প্রতিটি বিভাগেই জর্ডানের চেয়ে এগিয়ে থাকবে।
আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারলেও আফ্রিকান প্রতিনিধি আলজেরিয়ার নকআউট পর্বে ওঠার সামর্থ্য রয়েছে। ভ্লাদিমির পেটকোভিচের দলের জমাট রক্ষণ, ভয়ংকর হয়ে ওঠা আক্রমণভাগ সামলানো কঠিন হতে পারে জর্ডানের জন্য। আইকনিক লেভি স্টেডিয়ামে আজ ট্যাকটিক্যাল লড়াই হবে দুই দলের মধ্যে। যে দল প্রতিপক্ষকে কৌশলে হারাতে পারবে, দিনশেষে হাসবে তারাই। এখানে রক্ষণের আরেকটি ভুলের কোনো সুযোগ নেই।
আর্জেন্টিনা ম্যাচের বিপর্যয় ভুলে গিয়ে আলজেরিয়ার কাছে আজই হতে পারে বিশ্বকাপের সূচনাপর্ব এবং জর্ডানকে হারিয়ে নকআউটে ওঠার দাবিদার হিসেবে নিজেদের জানান দিতে পারে আফ্রিকান-আরব দেশটি। অন্যদিকে এশিয়ার দল জর্ডানের জন্য তাদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণটা স্মরণীয় করে রাখার হয়তো ‘শেষ সুযোগ’ আজ। কেননা তাদের শেষ ম্যাচটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। ওই ম্যাচে জেতার স্বপ্ন দেখতেও হয়তো ভয় পাবে আরবরা।
জর্ডানের ন্যূনতম পয়েন্ট নিয়ে দেশে ফেরার সেরা সুযোগটি আজই এবং এ সুযোগ কাজে লাগাতে মরিয়া হবেন সেলামির দল। ভয়ডরহীন চেতনা, ক্ষিপ্রগতির প্রতি-আক্রমণই হতে পারে জর্ডানের মূল অস্ত্র। তবে প্রথম বাঁশি বাজার পর থেকেই জর্ডানিয়ানদের উদ্দীপ্ত করবে বিশ্বকাপে প্রথম পয়েন্টের হাতছানি কিংবা নকআউটে ওঠার নিবু নিবু আশা।










