ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার শীর্ষ দল আর্সেনালকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে অ্যাস্টন ভিলা। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের পঞ্চম মিনিটের গোলে জয় নিশ্চিত করে লন্ডনের দলটি।
এ জয়ের পর ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে যায় অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আর্সেনাল। এরপরে রয়েছে ম্যানসিটি (২৮) ও চেলসি (২৪)। পরের দুটি দলই একটি করে ম্যাচ কম খেলেছে।
ম্যাচটি যখন ড্রয়ের পথেই ছিল তখনই শেষ মুহূর্তে গোল করে বসেন স্বাগতিক দলের আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া। তার গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় ভিলার। এর আগে একাধিক গোল বাঁচিয়েছেন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তিনি লিওনার্দো ট্রোসার্ড ও বুকায়ো সাকার শট সেভ করেন।
আজ রাতে চেলসি খেলবে বোর্নমাউথের মাঠে, ম্যানসিটি ঘরের মাঠে খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে আর লিভারপুল খেলতে যাবে লিডসের মাঠে।









