সদ্যসমাপ্ত গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকে ৮২ মিলিয়ন পাউন্ডে কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ চুক্তির মধ্য দিয়ে এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের মোট ব্যয় হলো ১৯০ কোটি পাউন্ড, যা লিগটির ইতিহাসে রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৪০ কোটি পাউন্ড, যা ২০১৭ সালের গ্রীষ্মকালীন দলবদলে হয়েছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগের এ রেকর্ড ব্যয়ের নেপথ্যে রয়েছে আকর্ষণীয় সম্প্রচারস্বত্ব। তিন বছরের নতুন সম্প্রচারস্বত্ব থেকে ১০.৫ বিলিয়ন পাউন্ড পাবে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর মধ্যে আবার ৫০ শতাংশ আসবে আন্তর্জাতিক সম্প্রচারস্বত্ব খাত থেকে। যুক্তরাষ্ট্রে এনবিসি, মধ্যপ্রাচ্যে বিইন স্পোর্টস প্রিমিয়ার লিগের সম্প্রচারস্বত্ব পেয়েছে। এ চুক্তিই প্রিমিয়ার লিগের পার্সটা সমৃদ্ধ করেছে, যদিও অন্য ‘ফ্যাক্টর’ও রয়েছে।
প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের মধ্যে নয়টিই ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে। কভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের অন্য সবকিছুর মতো থমকে গিয়েছিল ফুটবলও। তখন প্রিমিয়ার লিগের দলগুলো বাধ্য হয়েই দলবদলে নীরব ছিল। সবকিছু স্বাভাবিক হয়ে ওঠায় আবারো সামর্থ্য অনুযায়ী শক্তিশালী দল গড়েছে প্রতিটি ক্লাব।
প্রিমিয়ার লিগের ইতিহাসে একক ক্লাব হিসেবে সর্বোচ্চ ব্যয় করেছে চেলসি। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের গ্রীষ্মকালীন ব্যয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। একটি গ্রীষ্মকালীন দলবদলে যেকোনো ব্রিটিশ ক্লাবের চেয়ে বেশি খেলোয়াড় সই করিয়েছে নবাগত নটিংহ্যাম ফরেস্ট।
বিশ্বের সবচেয়ে ধনী লিগটির খেলোয়াড় বাণিজ্যের ক্ষুধা যেন দিন দিন বাড়ছেই। এবার দীর্ঘদিন সাফল্য পেয়ে আসা ক্লাব, নতুন ক্লাব, মাঝারি মানের ক্লাব—সবাই সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড গড়ায় যেন মত্ত হয়।
এবারের দলবদলে ইতালির সিরি-এ ৬৭ কোটি পাউন্ড, জার্মানির বুন্দেসলিগা ৪৩ কোটি ৫০ লাখ পাউন্ড, ফরাসি লিগ ওয়ান ৪২ কোটি ৬০ লাখ পাউন্ড আর লা লিগা ৪০ কোটি ৪০ লাখ পাউন্ড ব্যয় করেছে। সেখানে প্রিমিয়ার লিগের ব্যয় ২০০ কোটি ছুঁই ছুঁই। আর এই প্রথম নেট ট্রান্সফার ব্যয় ১০০ কোটি পাউন্ড ছাড়াল প্রিমিয়ার লিগের।
এবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ১৬৯ জন খেলোয়াড় সই করিয়েছে, যা ২০২১ সালে ছিল ১৪৮ আর ২০২০ সালে ছিল ১৩২। এর মধ্যে নটিংহ্যাম ফরেস্টই কিনেছে ২১ জনকে।
ডেলোয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের লিড পার্টনার টিম ব্রিজ বলেন, এ দলবদলে রেকর্ড ব্যয় এটাই প্রমাণ করছে যে প্রিমিয়ার লিগের আত্মবিশ্বাস কতটা বেড়েছে, বিশেষ করে সমর্থকরা মাঠে ফেরায় আর নতুন সম্প্রচারস্বত্বের চক্র শুরু হওয়ায়।










