ভারত ও শ্রীলংকায় যৌথভাবে শনিবার শুরু হচ্ছে ছেলেদের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোয়ালিফাই করেও ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপড়েনে শেষ পর্যন্ত এ বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলংকায়। তবে বাংলাদেশের পাশে থাকার ‘প্রতিশ্রুতি’ দিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের ‘বয়কট’-এ সুযোগ পায় স্কটল্যান্ড। এরপর সবচেয়ে আলোচনায় রয়েছে পাকিস্তান। তারা প্রথমে বিশ্বকাপ বয়কট করতে চেয়েছিল। পরে আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। যদিও পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে ম্যাচই খেলবে না পাকিস্তান।

বিশ্বকাপ শনিবার শুরু হলেও সব আলোচনা এখন ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। বৃহস্পতিবার ভারতীয় দলনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তারা ম্যাচটি খেলতে ঠিকই কলম্বো যাবেন। তিনি বলেন, ‘তাদের (পাকিস্তান) সিদ্ধান্তের ওপর আমার নিয়ন্ত্রণ নেই। এটা তাদের ব্যাপার। আমাদের বলা হয়েছে, ১৫ তারিখ ম্যাচ খেলতে হবে। আমরা তো এশিয়া কাপে তাদের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তিনটি ম্যাচ খেলেছি। আমরা ভালো কিছু ম্যাচ খেলেছি, জিতেছি এবং ফল নিয়ে খুশি ছিলাম। সুযোগ পেলে তাদের বিপক্ষে অবশ্যই খেলব।’

কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেটি সবার জন্যই বিশাল আর্থিক ক্ষতির কারণ হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। এসএলসির প্রধান শাম্মি সিলভা তাই পিসিবিকে তাদের সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ জানিয়েছেন, কেননা এতে বিরাট আর্থিক ও লজিস্টিক ক্ষতির মুখে পড়বে শ্রীলংকা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার কলম্বোয় বৃষ্টিতে ভেসে যেতে পারে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। কেননা দুটি ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পেলে তাদের পরবর্তী রাউন্ডে ওঠা কঠিন হয়ে পড়বে।

পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হয়তো তার সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে আইসিসিকে বিষয়টি এখনো লিখিতভাবে জানায়নি পাকিস্তান। কাজেই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ এখনো আছে বলে মনে করেন কেউ কেউ। ভারতের সাবেক ক্রিকেট চেতন শর্মা মনে করেন, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তানের সিদ্ধান্ত পাল্টে যেতে পারে। তিনি মনে করেন, পাকিস্তানের এ সিদ্ধান্ত পুরোপুরি ‘রাজনৈতিক’।

সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ভারতের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে আইসিসিকে শর্ত বেধে দিচ্ছে পিসিবি এবং পর্দার অন্তরালে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি, পিসিবি ও এসএলসি। আইসিসির হয়ে পিসিবির সঙ্গে দেনদরবার চালিয়ে যাচ্ছেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। গত ৪৮ ঘন্টার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’, তবে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

শনিবার প্রথম দিনই মাঠে নামছে পাকিস্তান। সকাল সাড়ে ১১টায় কলম্বোয় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ‘সি’ গ্রুপ ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ভারতের মাঠে বাংলাদেশ দল বিশ্বকাপ না খেলায় শেষ মুহূর্তে ডাক পেয়েছে স্কটল্যান্ড। আজ প্রথম দিনই মাঠে নামছে স্কটিশরা।