টেস্ট ও টি২০-তে হারের পর এবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ রোববার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবাল বাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।

 

অন্য দুই সংস্করণের চেয়ে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ নিজেদের ভালোই চেনাতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি২০ সিরিজ হারের যন্ত্রণা মুছে দেয়ার মিশন একদিনের ম্যাচের সিরিজ দিয়ে।

 

২০১৮ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ। এর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে ২০০৯ সালেও জিতেছিল ৩-০ ব্যবধানে।

 

দুই দলের শেষ আট মুখোমুখিও কথা বলছে বাংলাদেশের পক্ষে। ২০১৮ সালের ডিসেম্বরে সিলেটে জয়যাত্রা শুরু। টেস্ট ও টি২০তে বাংলাদেশ সাফল্য না পেলেও ওয়ানডেতে ছন্দে রয়েছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তান  ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে তামিমের দল। আফগানিস্তানকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা। এরপর প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে আনে বাংলাদেশ।

 

তবে এই সিরিজে থাকছে বাংলাদেশের দুশ্চিন্তাও। কারণ এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এজন্য তাকে পাচ্ছে না দল। অপর দিকে মুশফিকুর রহিম হজ পালনের ছুটিতে আছেন। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে দলে আসছে পরিবর্তন।

গায়ানায় এর আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে লাল-সবুজরা। উইন্ডিজের বিপক্ষে যে ম‌্যাচ হেরেছে সেটার ব্যবধান ছিল ৩ রান। ২০১৮ সালে স্বাগতিকদের ৪৮ রানে হারায় বাংলাদেশ। ২০০৭ সালের বিশ্বকাপে এই মাঠেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল টাইগাররা।