শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ৩৪২ রানের টার্গেটে ব্যাটিং করতে নামা পাকিস্তানের জয়ের আশা জেগেছে তরুণ আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরিতে ভর করে। ৩ উইকেটে ২২২ রান তুলে আজ চতুর্থ দিন মাঠ ছাড়া পাকিস্তানকে জিততে আর ১২০ রান করতে হবে, হাতে ৭ উইকেট।

 

আজ সকালে দ্রুতই শ্রীলংকার শেষ উইকেটটি তুলে নেয় পাকিস্তান। ৯ উইকেটে ৩২৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা সিংহলিজরা ৩৩৭ রানে অলআউট হয়ে গেলে ৩৪২ রানের টার্গেট পায় পাকিস্তান। এই টার্গেটটা টেস্টের জন্য কঠিন হলেও ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও শফিক মিলে ৮৭ রান তুলে নেয়ার পর আশা বাড়তে থাকে পাকিস্তানের। ইমাম ৩৫ রানে রমেশ মেন্ডিসের শিকার হওয়ার পর শফিককে খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি সাবেক অধিনায়ক আজহার আলী। তিনি ব্যক্তিগত ৬ রানে শিকার হন ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই ৫ উইকেটের বেশি শিকার করা প্রবথ জয়াসুরিয়া বলে।

 

এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজম ও শফিক ১০১ রান তুলে নিলে ম্যাচ হেলে পড়ে পাকিস্তানের দিকে। এ পথে ৩ হাজার টেস্ট রান আর ক্যারিয়ারের ২২ নম্বর হাফসেঞ্চুরি তুলে নেন বাবর। শফিক তুলে নেন তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ৭৯তম ওভারে দলীয় ২০৫ রানের সময় জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে যান বাবর। পাকিস্তান দলনায়কের আউটে উন্মুক্ত হয়ে পড়ে জয়ের রেসটা। এরপর শফিক ১১২ ও মোহাম্মদ রিজওয়ান ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

প্রবথ জয়াসুরিয়ার মতো বোলার আছেন বলে আশা টিকে আছে শ্রীলংকারও। যদিও খানিকটা এগিয়ে থেকেই বুধবার পঞ্চম ও শেষ দিন মাঠে নামবে অতিথি পাকিস্তান।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ২২২ ও ৩৩৭। পাকিস্তান: ২১৮ ও ২২২/৩ (শফিক ১১২*, রিজওয়ান ৭*)।