নেপালে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব আজ রোববার শুরু হয়েছে। প্রথম দিন মাঠে নেমেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় নিগার সুলতানার দল। আজ আরেক ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারায় থাইল্যান্ড।
মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা ৩৯ বলে ৬৩ রান করেন ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়। সোবহানা মোস্তারি করেন ২৯ বলে ৩২ রান। যুক্তরাষ্ট্রের মাহি মাধবন ২৩ রানে ৩টি ও ইসানি বাঘেলা ২৭ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র। ৩১ বলে ৩৬ রান করেন চেতনা পাগিদিয়ালা, ১১ বলে ৩৩ রান করেন রিতু সিং। নাহিদা আক্তার ২৪ রানে ৪টি, রিতু মনি ২৪ রানে ৩টি ও রাবেয়া খান ৩৪ রানে ২টি উইকেট নেন।
মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
বাছাইপর্বে ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও নামিবিয়া এবং ‘বি’ গ্রুপে থাইল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা চারটি দল পাবে বিশ্বকাপের টিকিট।
৮টি দল এরই মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। বাকি ৪টি দল আসবে বাছাইপর্ব খেলে। ইংল্যান্ড স্বাগতিক হিসেবে এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের বিচারে টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি র্যাংকিং বিচারে টিকিট পেয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বসবে ইংল্যান্ড ও ওয়েলসে।









