প্রথম খেলোয়াড় হিসেবে ফিফার ছয়টি বিশ্বকাপে গোল করার সুযোগ এসেছিল কানাডার ক্রিস্টিয়ান সিনক্লেয়ারের সামনে। তবে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে তিনি সেই সুযোগটি নিতে পারলেন না। আজ শুক্রবার মেলবোর্নে নবম ফিফা নারী ফুটবল বিশ্বকাপে কানাডাকে গোলশূন্য রুখে দিয়েছে নাইজেরিয়া। এ ম্যাচে সবার চোখ ছিল সিনক্লেয়ারের রেকর্ডের দিকে। যদিও তার অপেক্ষাটা বাড়ল।

 

দ্বিতীয়ার্ধে ৪০ বছর বয়সী সিনক্লিয়ারের পেনাল্টি শট ঠেকিয়ে দেন নাইজেরিয়ার ২২ বছর বয়সী গোলকিপার চিয়ামাকা এননাদোজি।তার দুর্বল শটটি খুব দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন এননাদোজি।এরপর আর গোল করতে না পারায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা।

 

শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাইজেরিয়ার দেবোরাহ আবিদুন। যদিও তারা এক পয়েন্ট পেয়েই খুশি। ‘বি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া, যারা বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারায়। পরের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে কানাডা।

এই ম্যাচে ব্যক্তিগত মাইলফলক অর্জনের লক্ষ্যে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ সিনক্লেয়ার। তিনি কানাডার হয়ে ৩২৪ ম্যাচ খেলে ১৯০ গোল করেছেন। তবে বিশ্বকাপে তার অসামান্য কীর্তি রয়েছে। ব্রাজিলের মার্তা ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন তিনি। এবার ওই দুজনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছে তাদের সামনে। যদিও প্রথম ম্যাচে তিনি রেকর্ডটি গড়তে পারলেন না। এখন পরের ম্যাচে আরেকটি সুযোগ পাবেন তিনি।

 

বিশ্বকাপে আজ ‘সি’ গ্রুপের ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন।ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে আইতানা বোনমাতি (২৩ মিনিট) ও ইসথার গঞ্জালেজ (২৭ মিনিট) দুটি গোল করেন। আত্মঘাতী গোল করেন কোস্টারিকার ভ্যালেরিয়া ডেল কাম্পো (২১ মিনিট)। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্পেনের জেনিফার হারমোসো।

 

ম্যাচে পুরোপুরি আধিপত্য করে স্পেন। ৮০ শতাংশ বল দখলে রাখে তারা। আর কর্নায় আদায় করে নেয় মোট ২২টি!

 

ডুনেডিনে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচে ফিলিপাইনকে ২-০ গোলে হারায় সুইজারল্যান্ড।