ইউএস ওপেন থেকে তৃতীয় রাউন্ড হেরে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। সেই সঙ্গে থেমে গেল টেনিসে কোর্টে সেরেনার ২৫ বছরের বর্ণিল যাত্রা। আর্থার অ্যাশে স্টেডিয়ামে আজ শনিবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনার মুখোমুখি হন অস্ট্রেলিয়ান টেনিস তারকা আজলা টমলজানোভিচ। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের মতো আধিপত্য তৃতীয় রাউন্ডে দেখাতেই পারেননি আমেরিকান টেনিস তারকা। র্যাংকিংয়ের ৪৬ নম্বর খেলোয়াড় টমলজানোভিচের কাছে ৭-৫, ৬-৭ (৪-৭) ও ৬-১ গেমে ধরাশয়ী হয়েছেন সেরেনা।
প্রথম সেটে লড়াই করেও ৭-৫ গেমে হারেন সেরেনা। দ্বিতীয় সেটে জিতলেও তা টাইব্রেকারে। তৃতীয় সেটে আজলা টমলজানোভিচ সেরেনাকে কোনো সুযোগই দেননি, স্রেফ ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন।
সেরেনা আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ইউএস ওপেন খেলে বিদায় নেবেন তিনি। চোটের জন্য গত কয়েক বছর কোর্টে নিয়মিত ছিলেন না ৪০ বছর বয়সী তারকা। তবে সেরেনার সামনে আরো একবার সুযোগ এসেছিল নারী এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী অস্ট্রেলিয়ান কিংবদন্তী মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার। কোর্ট ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কিন্তু সেটি আর হলো না। দ্বিতীয় হয়ে থাকতে হলো সেরেনাকে।
১৯৮১ সালের ২৬ সেপ্টেম্বর মধ্য-পশ্চিম যুক্তরাষ্ট্রের মিশিগান অঞ্চলের সাগিনাও শহরে জন্মগ্রহণ করেন সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নারীদের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা তিনি। সিঙ্গেল ছাড়াও বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সিঙ্গেল ও ডাবলসে অলিম্পিকে চারবার স্বর্ণ পদক জেতেন এই কিংবদন্তী।










