কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশ্বব্যাপী ট্রফি ভ্রমণের ধারাবাহিকতায় আজ বুধবার ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছে বাংলাদেশে। আনুষ্ঠানিকতার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে ট্রফিটি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে নেয়া হয়। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্বকাপ ফুটবলের ট্রফিকে স্বাগত জানান এবং তা অবলোকন করেন।

 

পরে রাষ্ট্রপতি ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ফিফার প্রতিনিধি দল, রাষ্ট্রপতির সচিবগণ এবং  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব।

 

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্বকাপ ফুটবল ট্রফি বাংলাদেশে নিয়ে আসায় ফিফাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করেন, এর ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরো বেশি উত্সাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরো এগিয়ে যাবে।

 

পরে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, তার পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তারা বিশ্বকাপের ট্রফির পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ গ্রহণ নেন।

 

আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসেছে সোনালী ট্রফিটি। বাংলাদেশে থাকবে দু’দিন। ট্রফির সঙ্গে এসেছেন ফিফার সাত সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু।

 

সাধারণত প্রতি বিশ্বকাপের আগে এই ট্রফি বিভিন্ন দেশ প্রদক্ষিণ করে। তারই অংশ হিসেবে এবার ৫১টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এসেছিল। সেইবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে ট্রফি আসে। এবার আসলো ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে। খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি মূল্যবান ট্রফিটির ওজন ৬.১৪২ কেজি।