তিন ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল গলে সিরিজের প্রথম টেস্ট শুরু। নাজমুল হোসেন শান্তর দল গতকাল প্রস্তুতি শুরু করেছে। যদিও অসুস্থতার কারণে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না ওয়ানডে অধিনায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার খেলা নিয়েই রয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সের মতে, মিরাজের সমস্যা সুযোগ করে দেবে অন্য কাউকে। মিরাজ না খেললে তার জায়গায় কাকে সুযোগ দেয়া হবে, সেটি অবশ্য পরিষ্কার করেননি ক্যারিবীয় কোচ। বিকল্প হতে পারেন স্পিনার হাসান মুরাদ, নাঈম হাসান কিংবা অন্য কেউ। যদিও মিরাজের শূন্যতা পূরণ কঠিনই। কেননা তিনি নিখাদ অলরাউন্ডার এবং দলে আর কোনো অলরাউন্ডার নেই!

গতকাল অনুশীলন শেষে মিরাজকে নিয়ে সাংবাদিকদের সিমন্স বলেছেন, ‘গত দুইদিনে সে অনেকটাই ভালো আছে। আমরা দেখব, সন্ধ্যায় ওষুধের পর সে কেমন থাকে। আশা করি, কাল (আজ) অনুশীলন করতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে। মিরাজের অসুস্থতা নিশ্চয়ই চিন্তার। তবে একজনের সমস্যা অন্যজনের জন্য সুযোগ এনে দেয়। দলের সবাই চায় মিরাজ সুস্থ হয়ে উঠুক, কিন্তু তারা এ-ও জানে, যদি মিরাজ না-ও খেলতে পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা সমস্যা, তবে সমস্যাটা মধুর।’

সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্বে হঠাৎ পরিবর্তন এনে নাজমুল হোসেনের বদলে মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। সিমন্স মনে করেন, এ সিদ্ধান্তের প্রভাব নাজমুলের ওপর পড়বে না, ‘আমি একেবারেই মনে করি না যে এটি ওকে প্রভাবিত করবে। মাঠে নামলে নাজমুল শুধু ক্রিকেট নিয়েই ভাবে, বাইরের বিষয় আমরা দেখি। তাই এটা ওর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।’

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলংকা। এ দলটিকে নেতৃত্ব দেবেন ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা।

শ্রীলংকা দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইসিথা বিজেসুন্দারা।