চোটের কারণে ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে যাওয়ার পর এবার আরেকটি বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন পেস বোলার জস হ্যাজেলউড। কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম ম্যাচের পাঁচদিন আগে এ দুঃসংবাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে, শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় অলরাউন্ডার হরষিত রানার।
হ্যাজেলউডের জায়গায় কাকে নেবে অস্ট্রেলিয়া, সেই সিদ্ধান্ত আজ বিকাল পর্যন্ত নেয়া হয়নি।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছেন হ্যাজেলউড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম আইপিএল শিরোপা জিততে সাহায্য করার পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজেও ভালো করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছর ৭.৩৭ ইকোনোমি রেট ও ১৬.৫৮ গড়ে ১২ উইকেট নিয়েছেন তিনি। ডারউইনে দক্ষিণ আফ্রিকাকে ও মেলবোর্নে ভারতকে হারাতে তিনি মূল্যবান অবদান রাখেন। ৪ নভেম্বর নাভি মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে চোটে পড়েন হরষিত রানা। এখন তার অবস্থা ‘ভালো না’ বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাকে নিয়ে সূর্যকুমার বলেন, ‘সে এখনো ছিটকে পড়েনি। ফিজিও তার অবস্থা পরখ করে দেখছেন। আজই (গতকাল) আমরা জানতে পারব, তার কী অবস্থা দাঁড়ায়। তবে খুব ভালো কিছু হবে না হয়তো, আমার কাছে তাই মনে হয়।’

হরষিত রানা
রানা মূলত ভারতের শেষ দিকে ব্যাটিং গভীরতা বাড়াতে সাহায্য করেন। তবে বাকিরা ফিট থাকলে খুব একটা সমস্যা হবে না বর্তমান চ্যাম্পিয়নদের। সূর্যকুমার বলেন, ‘চিন্তা নেই, আগামীকাল (শনিবার) আমাদের ১১ খেলোয়াড় আছে। তবে এটা বড় একটা ধাক্কা, কারণ আপনি তো অনেক কম্বিনেশন মাথায় রেখেই ১৫ জনের স্কোয়াড তৈরি করবেন। আমরাও একই ভাবনা নিয়ে এটা করেছি। সে যদি খেলতেই না পারে, তখন আমরা বিকল্প ভাবব। আমাদের অবশ্য পর্যাপ্ত খেলোয়াড় আছে, যাদের নিয়ে যেকোনো দলের বিপক্ষে কম্বিনেশন তৈরি করা যাবে। এরপরও বলব, তাকে না পেলে সেটা আমাদের জন্য বিরাট এক শূন্যতাই হবে।’









