আগেই ঘোষণা দিয়েছিলেন চেস্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হবে ওয়ানডে ক্রিকেটে বেন স্টোকসের শেষ ম্যাচ। সেভাবেই গতকাল মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামেন ইংলিশ অলরাউন্ডার। কিন্তু বিদায়ী ম্যাচ ব্যাটে-বলে রাঙাতে পারেননি তিনি। দলও হেরেছে ৬২ রানে। বল হাতে ৫ ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য এবং ব্যাট হাতে ১১ বলে ৫ রান করে অ্যাইডেন মার্করামের শিকার হন স্টোকস।

চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান করে ইংল্যান্ড। রাসি ভ্যান ডার ডুসেনের ১৩৪, এইডেন মারক্রামের ৭৭ ও জানেমান মালানের ৫৭ রানে ভর করে এই সংগ্রহ পায় সফরকারীরা। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।

জবাবে প্রোটিয়া বোলিং তোপে ৪৬.৫ ওভারে ২৭১ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৮৬ রান করেন জো রুট। প্রোটিয়াদের হয়ে আইনরিচ নর্কিয়া চারটি উইকেট নেন।

ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

গত সোমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩১ বছর বয়সী বেন স্টোকস। সামাজিক মাধ্যম টুইটারে এক বার্তায় এ ঘোষণা দেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই তারকা।

স্টোকস লিখেছিলেন, মঙ্গলবারের (গতকাল) ম্যাচটি হতে যাচ্ছে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে আমার শেষ ম্যাচ। আমি এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই অবিশ্বাস্য সিদ্ধান্তটি নেয়া অনেক কঠিন ছিল। ইংল্যান্ডের হয়ে সতীর্থদের সঙ্গে খেলা প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। এটি ছিল খুবই দারুণ একটি ভ্রমণ।

তিনি জানান, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমার সবকিছু টেস্ট ক্রিকেটকে দিতে চাই এবং টি২০ ক্রিকেটকে আরো কিছু দিতে অঙ্গীকারবদ্ধ, এটাই আমি অনুভব করছি।

১০৫টি ওয়ানডেতে ৩৮.৯৮ গড়ে ২ হাজার ৯২৪ রান করেছেন স্টোকস। এই সংস্করণে তিনটি সেঞ্চুরি ও ২১টি সেঞ্চুরি রয়েছে তার। বল হাতে নিয়েছেন ৭২টি উইকেট।