সেই চোট থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে আল নাসর জিতেছে ৫-২ গোলে। এ ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।
হ্যামস্ট্রিং চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে আল নাসরের একাদশে ফিরলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ফিরেই তিনি দলের জয়ে মূল্যবান অবদান রেখেছেন। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে ও ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ৪১ বছর বয়সী ফরওয়ার্ড। এছাড়া সেনেগালিজ ফরওয়ার্ড সাদিও মানে করেছেন জোড়া গোল। সাবেক লিভারপুল তারকা উভয় অর্ধের স্টপেজ টাইমে গোল করেন। এছাড়া আব্দুল্লাহ আল হামদ্দান করেন একটি গোল।
এ জোড়া গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে ৯৬৭ গোল হয়ে গেল রোনালদোর। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে এক হাজার গোলের মাইলফলক হাতছানি দিচ্ছে তাকে। লক্ষ্যপূরণে প্রয়োজন আর মাত্র ৩৩ গোল।
রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সম্প্রতি ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার আন্তর্জাতিক ফুটবলে ১১৬ ও সব নিয়ে ৯০২ গোল। ব্রাজিল গ্রেট পেলে ক্যারিয়ারে এক হাজার গোল করার দাবি করলেও আরএসএসএসএফ তার সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, পেলের গোল ৭৭৮টি। আরেক ব্রাজিল গ্রেট রোমারিও করেছেন ৭৮৫ গোল।
শুক্রবার জয় শেষে ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।’
এ জয়টা আল নাসরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল হিলালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল রোনালদোর দল। বিশেষ করে রোনালদো শিরোপার জন্য মরিয়া। ২০২২ সালে সৌদি প্রো লিগে নাম লেখালেও এখনো লিগ শিরোপা জেতা হয়নি তার।
ফিট হয়ে ফিরে করলেন জোড়া গোল। প্রো লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে উঠে এলেন রোনালদো। ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন তিনি। ২৫ ম্যাচে ২৫ গোল নিয়ে শীর্ষে আল আহলি ফরওয়ার্ড ইভান টনি। সৌদি প্রো লিগে সব মিলিয়ে ১০০ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৭, গোল করিয়েছেন ১৮টি।
গতকাল আল তাউয়ুনের মুখোমুখি হয় আল হিলাল। এ ম্যাচে জিতলে তারা পয়েন্ট ব্যবধান কমিয়ে তিন করতে পারবে। তারা আল নাসরের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন রোনালদো। কোচ হোর্হে জেসুস তখন জানিয়েছিলেন, রোনালদোর ইনজুরি তারা যতটা ধারণা করেছেন তার চেয়েও গুরুতর। এরপর মাদ্রিদে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন রোনালদো। এ চোটের কারণে তিনটি লিগ ম্যাচ খেলতে পারেননি। এছাড়া পর্তুগালের হয়ে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ক্যারিয়ারের সবচেয়ে বড় সময় পার করেছেন রিয়াল মাদ্রিদে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসেও খেলেছেন। সবশেষে তিনি নাম লেখান আল নাসরে।










