আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আর্চারির র্যাংকিং রাউন্ডে আলো ছড়ালেন বাংলাদেশের রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। তিনজনই করেছেন ক্যারিয়ার সেরা স্কোর। গতকাল র্যাংকিং রাউন্ডের খেলায় রামকৃষ্ণ ৬৭৮ স্কোর গড়ে ১১তম হয়েছেন। তার আগের সেরা স্কোর ছিল ৬৬৮। তিনি ‘বাই’ পেয়ে অ্যালিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন। এরপর শেষ ষোলোয় ওঠার ম্যাচে তার প্রতিপক্ষ কাজাখস্তানের দুলেতকেলদি ঝাংবাইরবে।
এ ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ও মোহাম্মদ রাকিব মিয়া উভয়ই সমান ৬৫৩ স্কোর করেন। রামকৃষ্ণ, আলিফ ও রাকিবের স্কোর মিলিয়ে বাংলাদেশের দলগত স্কোর ১৯৮৪। সমান স্কোর কাজাখস্তানেরও। টাইব্রেকিংয়ে কাজাখস্তান দশম এবং বাংলাদেশ ১১তম হয়েছে। ‘বাই’ পেয়ে রিকার্ভ দলগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ খেলবে ইরানের বিপক্ষে।
মেয়েদের রিকার্ভ এককে সাইমা সালাহ উদ্দিন ৬৩৪ স্কোর গড়ে র্যাংকিং রাউন্ডে ২৫তম হয়েছেন। অ্যালিমিনেশন রাউন্ডের শুরুতে ‘বাই’ পেয়ে তিনি উঠে গেছেন শেষ বত্রিশে।
ছেলেদের কম্পাউন্ড এককে নেওয়াজ আহমেদ রাকিব ক্যারিয়ার সেরা ৭০১ স্কোর গড়েও ৪৫ জনের মধ্যে ২২তম হয়েছেন। হিমু বাছাড় ৬৯৬ স্কোর নিয়ে ৩১তম এবং ঐশ্বর্য্য রহমান ক্যারিয়ার সেরা ৬৯৫ স্কোর গড়ে ৩৩তম হন। মেয়েদের কম্পাউন্ড এককে বন্যা আক্তার ক্যারিয়ার সেরা ৬৯৭ স্কোর গড়ে ৫৩ জনের মধ্যে ১৬তম হয়েছেন। তার আগের ক্যারিয়ার সেরা স্কোর ছিল ৬৯৩।
কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশ দশম হয়েছে। প্রি-কোয়ার্টারে বন্যা, মনি ও পুষ্পিতারা খেলবে কাজাখস্তানের বিপক্ষে। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশ অ্যালিমিনেশন রাউন্ড শুরু করবে ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে।










