অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ
বৃহস্পতিবার শুরু হলেও ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু সোমবার। ‘এফ’ গ্রুপে ব্রাজিল
খেলবে পানামার বিপক্ষে, আর ‘জি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি।
ব্রাজিল কিংবদন্তি মার্তা এদিন ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে চাইবে ব্রাজিল। সেসঙ্গে
টুর্নামেন্টে আরো বেশিদূর যেতে ও শেষ বিশ্বকাপ খেলা মার্তাকে বিদায়ী উপহার দিতে চাইবে
সেলেসাওরা।
নবাগত পানামার বিপক্ষে ব্রাজিলের জন্য ৯-০ গোলে জেতাও
অসম্ভব নয়।বিশ্বের সাতটি দেশ নয়টি বিশ্বকাপের সবগুলোতে কোয়ালিফাই করেছে, যার একটি ব্রাজিল।আবার
পানামা চলতি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া আট দলের একটি।
এটি মার্তার শেষ বিশ্বকাপ। যদিও নারী ও পুরুষ মিলিয়ে টানা
ছয়টি বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তার সামনে।
কানাডার ক্রিস্টিয়ান সিনক্লেয়ার অবশ্য টুর্নামেন্টের প্রথম
দিন এই সুযোগ মিস করেন। তিনি সেদিন পেনাল্টি স্পট থেকে লক্ষ্যভেদ করতে পারলেই প্রথম
খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোলের ইতিহাস গড়তেন। তাদের দুজন ছাড়া পর্তুগালের ক্রিস্টিয়ানো
রোনালদোরও পাঁচটি বিশ্বকাপে গোলের রেকর্ড রয়েছে। সিনক্লেয়ার না পারায় সোমবার মার্তার
সামনে ইতিহাস গড়ার হাতছানি।
অবশ্য এরই মধ্যে নারীদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা
তারই দখলে। তিনি করেছেন ১৭ গোল।
তবে গোলের রেকর্ড নয়, মার্তার চোখ বিশ্বকাপ শিরোপায়, যা
তার দেশ কখনই জেতেনি। ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে মার্তার ব্রাজিল হেরে যায় জার্মানির
কাছে। ২০১১ সালে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে। পরের দুই আসরে তাদের বিদায় ঘটে
শেষ ষোলো রাউন্ডে।
ব্রাজিল কোচ পিয়া সুন্দাগে বলেন, ‘এই চার বছরে আমরা বড়
কিছু ধাপ অতিক্রম করেছি। দলে এসেছে নতুন কিছু খেলোয়াড়। আমরা এবার ভালো অবস্থানে রয়েছি।
আমাদের ভালো সুযোগ রয়েছে।’
জুনে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ওই মাসের শেষ
দিকে দুই ম্যাচে ১৩ গোল হজম করেন তারা। স্পেনের কাছে ৭-০ গোলে ও জাপানের কাছে ৫-০ গোলে
হেরেছে পানামা।
এদিকে, সোমবার ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত বছর
কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও তাদের নারী দল বিশ্বকাপে বিবর্ণ।
এমনকি বৈশ্বিক আসরে তারা কখনো কোনো ম্যাচও জেতেনি! এদিন অকল্যান্ডে রাতের ম্যাচে লজ্জার
এই রেকর্ড ভাঙতে চায় আলবিসেলেস্তে নারীরা। আর্জেন্টিনার কোচ জার্মান পোর্তানোভা বলেন,
‘আমরা সব সময়ই অর্জনের চেষ্টা করব, চাইব স্বপ্নপূরণ করতে।এখানে ভালো কোনো ফল আমাদের
নারী ফুটবলকে এগিয়ে নিতে সাহায্য করবে।’
এদিকে, সোমবার প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছে
মরক্কোর নারীরা।গত বছর কাতার বিশ্বকাপে আলো ছড়ায় মরক্কো পুরুষ দল। তারা সেমিফাইনালে
ফ্রান্সের কাছে ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হারলে দর্শকদের হৃদয়
জয় করে। এবার তাদের নারী দল ইতিহাস গড়তে চলেছে। আফ্রিকা কাপ অব নেশন্স এর রানার্সআপ
হিসেবে তারা বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে। এদিন মেলবোর্নে তারা মুখোমুখি হবে ২০০৩ ও ২০০৭
সালের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন জার্মানির।










