ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা বাংলাদেশ দল আজ শনিবার মালদ্বীপ থেকে ঢাকায় ফিরে এসেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের কোচ, খেলোয়াড় ও অন্য কর্মকর্তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ছাদখোলা বাসে করে নেয়া হয় রাজধানীর হাতিরঝিলে। এ সময় রাস্তার দু পাশে ফুটবল সমর্থকরা হাত নেড়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান। খেলোয়াড়রাও এ যাত্রাটা বেশ উপভোগ করেন এবং মোবাইলে বন্দি করেন। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে তাদের সংবর্ধনা ও পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন রোনান সুলিভান। পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: বাফুফে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল শুক্রবার রাতে মালদ্বীপে যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জয়সূচক শেষ শটটি নেন যুক্তরাষ্ট্র থেকে আসা রোনান সুলিভান। বাংলাদেশ এর আগে ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জিতেছিল।
রাত পৌঁনে ১০টায় খেলোয়াড়েরা অনুষ্ঠানস্থলে পৌঁছলে বাফুফে সদস্যরা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। একে একে সব খেলোয়াড়কে মঞ্চে ডেকে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুল খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন এবং তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিশাল পর্দায় বাংলাদেশের সাফ জয়ের রোমাঞ্চকর মুহূর্তগুলো প্রদর্শিত হয়। পরপর দুবার সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর অধিনায়ক মিঠুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে এই দলই বাংলাদেশকে এশিয়ান কাপে নিয়ে যেতে সক্ষম হবে।
আইরিশ কোচ মার্ক কক্স বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার হৃদয়ে বাংলাদেশ। ছেলেরা চেষ্টা না করলে এই ট্রফি আসত না। ১৯৭১ সালে বাংলাদেশ ইতিহাস গড়েছে, এই ছেলেরাও ইতিহাস গড়েছে। আমাদের এখন ২০৩৪ সৌদি আরবের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে হবে।’
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ২৩ জন খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ টাকা এবং দলের অন্য সদস্যদের ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন, যা শনিবার রাতেই সবার হাতে পৌঁছানোর কথা। এছাড়া ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।










