নতুন মৌসুম সামনে রেখে লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ইংল্যান্ডের রাইট ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। গত বৃহস্পতিবার রাতে বার্নাব্যুতে রিয়ালের সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। ৩০ জুন লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আলেক্সান্ডার-আর্নল্ডের। সেক্ষেত্রে রিয়াল চাইলে তাকে বিনা টাকায় দলভুক্ত করতে পারত। সেক্ষেত্রে তাকে ৩০ জুনের পর খেলাতে হতো। যদিও ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা তাকে আজ যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে খেলাতে চায় বলে লিভারপুলকে কিছু অর্থ দিয়ে আগেই চুক্তিবদ্ধ করেছে। এখন আর তার খেলতে বাধা নেই।

ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়াড়টির সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছে রিয়াল মাদ্রিদের। তার চুক্তির বাই-আউট ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো। অর্থাৎ কেউ তাকে রিয়ালের ইচ্ছার বিরুদ্ধে কিনতে চাইলে এ অর্থ পরিশোধ করতে হবে।

লিভারপুলের হয়ে ৩৫৪ ম্যাচ খেলেছেন আলেক্সান্ডার। গোল করেছেন ২৩টি, অ্যাসিস্ট ৮৬টিতে। ছয় বছর বয়স থেকে তিনি লিভারপুলে ছিলেন। সিনিয়র ফুটবলে অভিষেক ২০১৬ সালে। লিভারপুলের হয়ে ২০১৯-২০ ও ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা, ২০১৯-২০ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ২০২২ সালে এফএ কাপ এবং দুটি লিগ কাপ জিতেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলেক্সান্ডার-আর্নল্ড বলেছেন, ‘প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের ধন্যবাদ জানাই আমি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে তো আর চাইলেই নাম লেখানো যায় না। আমার স্বপ্ন সত্যি হলো। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমি কী করতে পারি সেটা দেখাতে আমি উদগ্রীব।’

এদিকে, মাত্র ১৭ বছর বয়সে ঝড় তোলা আর্জেন্টাইন খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে তোলা ফ্রাঙ্কো এখন আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড়। রিভার প্লেটের এ খেলোয়াড়ের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে মাদ্রিদ জায়ান্টরা।

প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) রেসে হারিয়েই তবে ফ্রাঙ্কোকে পেয়েছে রিয়াল। রিভার প্লেট তার রিলিজ ক্লজের ৪৫ মিলিয়ন ইউরো দাবি করেছিল। রিয়াল সেটা দিয়েই তাকে নিচ্ছে। সব মিলিয়ে খরচটা পড়বে ৬ কোটি ২৮ লাখ ইউরো, যা আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি।

২০০৭ সালে জন্মগ্রহণ করা উইঙ্গার ফ্রাঙ্কোকে তার প্রজন্মের সেরা মেধাবী হিসেবে গণ্য করা হচ্ছে। মাস দুয়েক আগে বোকা জুনিয়র্সের বিপক্ষে বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে এক গোল করে তাক লাগিয়ে দেন ফ্রাঙ্কো, যা ছিল সুপারক্ল্যাসিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের নজির। এরপর আর্জেন্টিনার জার্সিতেও অভিষেক হয়ে যায়।

জার্মানির ২২ বছর বয়সী মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজকে লেভারকুসেন থেকে দলভুক্ত করতে যাচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুল। তার জন্য ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের চুক্তি করতে সম্মত হয়েছে সদ্যই লিগ শিরোপা জয় করা অল রেডরা। এর মধ্যে ১০ কোটি সরাসরি দলবদলের ফি, সঙ্গে ১ কোটি ৬০ লাখ পাউন্ড রয়েছে ক্লাবের পারফরম্যান্স ফি। মানে, লিভারপুল যদি প্রত্যাশিত সাফল্য পায় তখন এ অর্থ পাবে লেভারকুসেন। তখন এটি হবে দলবদলের ব্রিটিশ রেকর্ড। ২০০৩ সালে বেনফিকা থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে সই করিয়ে ব্রিটিশ রেকর্ড গড়েছিল চেলসি।

ডোপিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা ভোগ করে ফেরা ফরাসি মিডফিল্ডার পল পগবা নাম লেখাতে পারেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল মোনাকোয়। সব ঠিক থাকলে জুভেন্টাস থেকে তিনি নিজ দেশের লিগে ফিরতে যাচ্ছেন। ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

২০২৩-২৪ মৌসুমে উদিনেসের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে ডোপ টেস্টে পজিটিভ হন পগবা। এতে তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। যদিও পরে আপিল করলে তার নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাস করা হয়। জুভেন্টাসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গত নভেম্বরে তার চুক্তি বাতিল করা হয়। গত মার্চে তিনি নতুন মৌসুমে খেলা শুরুর আগ্রহ প্রকাশ করেন। এর পরই মোনাকোয় নাম লেখানো নিয়ে আলোচনার পথ খোলে।

সূত্র: বিবিসি, মার্কা