প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবল খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা পড়েছে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন আর তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপে। চতুর্থ দল উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়াকে টপকে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা যে দূরুহ, সেটা সবারই জানা। এরপরও সুযোগ ছিল তিন গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকে শেষ আটে জায়গা করে নেয়ার। তবে সেই সম্ভাবনা ধূসর হয়ে গেল আজ উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায়।
প্রথম ম্যাচে চীনের কাছে ০-২ গোলে হারলেও প্রশংসা কুড়ায় বাংলাদেশের মেয়েরা। প্রতিটি বিভাগেই তাদের লড়াকু মানসিকতা মুগ্ধ করে কোচ ও সমর্থকদের। আজ সেই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার কাছে ৫ গোল হজম করেছে বাংলাদেশ। আজ প্রথমার্ধের প্রায় পুরোটা সময় গোলবার অক্ষত রাখতে সমর্থ হয় বাংলাদেশ। যদিও যোগ করা সময়ে ২টি গোল হজম করে লাল-সবুজরা। এরপর দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়া দেয় আরো ৩টি গোল। দুই ম্যাচ মিলে মোট ৭ গোল হজম করেছে আফঈদা খন্দকারের দল। তাতে তৃতীয় স্থানধারী দলগুলোর র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
‘সেরা তৃতীয়’ দলগুলোর তালিকায় এ মুহূর্তে শীর্ষে আছে ভারত, যারা ভিয়েতনামের কাছে ১-২ গোলে হেরেছে। ভারতের গোল ব্যবধান মাইনাস (-) ১। এরপর ফিলিপাইন, যারা ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে ও দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে। দুই ম্যাচ মিলে তাদের গোল ব্যবধান মাইনাস (-) ৪। উত্তর কোরিয়া ও চীনের কাছে দুই ম্যাচেই ৩-০তে হেরেছে উজবেকিস্তান। দুই ম্যাচ মিলে তাদের গোল ব্যবধান মাইনাস (-) ৬। মাইনাস (-৭) গোল ব্যবধান নিয়ে তাদের পরেই বাংলাদেশ।
‘এ’ গ্রুপের চতুর্থ স্থানধারী ইরান দুই ম্যাচে ৭ গোল হজম করেছে। ‘সি’ গ্রুপে চতুর্থ স্থানে থাকা চাইনিজ তাইপে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে। তারাও আছে কোয়ার্টার ফাইনালে ওঠার রেসে।
আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সিডনির গরমও। স্থানীয় সময় দুপুরে খেলা হয় বলে মাথার ওপরেই ছিল তপ্ত রোগ। হার শেষে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘বাংলাদেশে এত গরম ছিল না। তারপরও কয়েক দিন আগে আসায় কিছুটা মানিয়ে নিতে চেষ্টা করছি।’ এই হারের পরও শেষ আটের স্বপ্ন দেখছেন আফঈদা। তিনি বলেন, ‘উজবেকিস্তান ম্যাচ এখনো আছে। এখনো আশা করি ভালো কিছু করতে পারব, পরের রাউন্ডে যেতে পারব।’
ম্যাচের পর ভুলগুলো শোধরানোর উপায় নিয়ে মিডফিল্ডার স্বপ্না রানী বলেছেন, ‘আজকের ম্যাচ নিয়ে ভিডিও বিশ্লেষণ করব আমরা। হারানোর কিছু ছিল না আমাদের। তারা অনেক ভালো দল। আমরা চেষ্টা চালিয়ে গেছি। উজবেকিস্তানের সঙ্গে ভালো কিছু করার চেষ্টা থাকবে। আমরা চাইব সেভাবেই প্রস্তুতি নিতে।’
গোলকিপার মিলি আক্তার বলেন, ‘আজকে আমরা হার্ড টিমের সঙ্গে খেলেছি। হার্ড টিমের সঙ্গে খেলার পর বুঝতে পারছি কোথায় কোথায় সমস্যা। এগুলো নিয়ে পরের ম্যাচে কাজ করব।’
মেয়েদের পারফরম্যান্সে অখুশি নন কোচ পিটার বাটলার। তিনি বরং বিশ্বের ৯ নম্বর র্যাংকধারী দল উত্তর কোরিয়ার সঙ্গে তাদের এ লড়াইয়ে অত্যন্ত গর্বিত। বাটলার বলেন, ‘আমি মন খারাপ করিনি। আমি মোটেও মন খারাপ করিনি। আসলে আমি এই মেয়েদের নিয়ে খুব গর্বিত। তাই আমি নিশ্চিতভাবেই হতাশ নই। আর উত্তর কোরিয়ার মতো এমন একটি দারুণ দলের কাছে হারলে লজ্জার কিছু নেই।’









