অস্ট্রেলিয়ায়
অষ্টম টি২০ বিশ্বকাপ শুরু হবে আগামী ১৬ অক্টোবর। এই আসরের আগ মুহূর্তে নিজেদের
ঝালাই করে নিতে ওয়ার্মআপ ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশ ১৭ অক্টোবর
আফগানিস্তানের বিপক্ষে ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ
খেলবে।
স্বাগতিক ও
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া একমাত্র ওয়ার্মআপ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, ম্যাচটি ১৭
অক্টোবর। ব্রিসবেনের একই ভেন্যুতে দুদিন পর নিজেদের দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে
ভারত।
ঐতিহ্যগতভাবেই
কোনো বড় আসর শুরুর আগে দলগুলো নিজেদের প্রস্তুতি সম্পর্কে পরখ করে নিতে ওয়ার্মআপ
ম্যাচে মুখোমুখি হয়। এবারো তার ব্যতিক্রম নয়। এছাড়া আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, সংযুক্ত আরব
আমিরাত ও নেদারল্যান্ডস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ
পাচ্ছে,
যা হবে এই মাঠে
তাদের প্রথম অভিজ্ঞতা। জিম্বাবুয়ে ক্রিকেট দলও ২০০৪ সালের পর এমসিজিতে খেলবে।
আজ এক ঘোষণায়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, প্রথম রাউন্ডে
অংশগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আরব আমিরাত ও
জিম্বাবুয়ে তাদের ওয়ার্মআপ ম্যাচগুলো খেলবে ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে। ম্যাচগুলো
হবে এমসিজি ও ব্রিসবেনের জাংশান ওভালে। আর সুপার টুয়েলভ রাউন্ডে খেলা যাদের
নিশ্চিত,
তারা ওয়ার্মআপ
ম্যাচ খেলবে ১৭ ও ১৯ অক্টোবর। এই ম্যাচগুলো হবে গ্যাবা ও অ্যালান বর্ডার ফিল্ডে।
আইসিসি টি২০
র্যাংকিংয়ের ভিত্তিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ ও
আফগানিস্তান এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভ রাউন্ডে।
সদ্যই এশিয়া
কাপের সুপার ফোরে নখ কামড়ানো উত্তেজনা নামিয়ে আনা পাকিস্তান ও আফগানিস্তান টি২০
বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবে। এছাড়া ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে
ক্ল্যাসিকের জন্ম দেয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও একে অপরের মুখোমুখি হবে
ওয়ার্মআপে।
আইসিসি
জানিয়েছে,
এই ম্যাচগুলো
আন্তর্জাতিক টি২০ র্যাংকিংয়ের মর্যাদা পাবে না।
প্রথম রাউন্ডে
আট দলের লড়াই শেষে দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে। প্রতি
গ্রুপে থাকবে ছয়টি করে দল, যারা প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলবে এবং
দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের
আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।










