দ্বিতীয়বারের মতো নারীদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল বার্সেলোনা। শনিবার রাতে জার্মান জায়ান্ট ভল্ফসবুর্গকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় কাতালান নারীরা।
২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বিজয়ী দলের নাম বার্সেলোনা। তৃতীয় মিনিটে ইওয়া পাজো ও ৩৭ মিনিটে আলেক্সান্দ্রা পপ গোল করে এগিয়ে দেন জার্মান দলটিকে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুর্দান্ত সব আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে দ্রুতই গোল আদায় করে নেয় বার্সা। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে কাতালানদের সমতায় ফেরান পাতরি গুইজারো গুতিয়েরেজ। ৭০ মিনিটে ফ্রিডোলিনা রলফো বার্সার তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
গতবার ফাইনালে ফ্রান্সের অলিম্পিক লিওঁর কাছে হেরেছে বার্সেলোনা। এবার ফেভারিট হিসেবেই তারা খেলতে যায় নেদারল্যান্ডসের আইন্ডহোফেন শহরে। ভল্ফসবুর্গও শক্তিশালী দল নিয়ে ফাইনালে নামে। তারা ১০ বছরের মধ্যে তৃতীয়বার ইউরোপিয়ান মুকুটের জন্য খেলছিল। যদিও শেষ হাসি হাসলেন অ্যালেক্সিয়া পুতেয়াসরা। ডাচ শহর থেকে শিরোপা নিয়েই ফিরছে স্প্যানিশ জায়ান্টরা।
পরাজিত হলেও দারুণ এক রেকর্ডে ভাগ বসালেন পপ। ৩২ বছর বয়সী ফরওয়ার্ড এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চারটি ভিন্ন ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন। আগে এই কীর্তি আছে ব্যালন ডি’অরজয়ী আডা হেগেরবার্গের।
মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে লিওঁ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি জিতেছে জার্মানির ফ্রাংকফুর্ট। এছাড়া জার্মানির ভল্ফসবুর্গ, টারবাইন পটসডাম, সুইডেনের উমেয়া ও স্পেনের বার্সেলোনা দুবার করে শিরোপা জিতেছে।










