ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ৩৫ গোল করে ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। গত বুধবার তিনি ভেঙে দেন অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের ৩৪ গোলের রেকর্ড। এখন আরেকটি রেকর্ড ভাঙার হাতছানি তার সামনে। সব ধরনের প্রতিযোগিতায় তার গোলসংখ্যা গতকাল পর্যন্ত ছিল ৫১। ইংলিশ ক্লাবের খেলোয়াড় হিসেবে মৌসুমে সর্বোচ্চ ৬৩ গোলের রেকর্ডটা ডিক্সি ডিনের দখলে। সেই রেকর্ড ভাঙতে আর ১৩ গোল চাই হালান্ডের। যে গতিতে ছুটছেন তাতে ডিনের রেকর্ডটা ভাঙা কিংবা ছোঁয়া হালান্ডের পক্ষে অসম্ভব নয়। 

ডিক্সি ডিন প্রায় ১০০ বছর আগে মৌসুমে ৬৩ গোল করেছিলেন এভারটনের হয়ে। ১৯২৭-২৮ মৌসুম। এর মধ্যে লিগে ৪১ ম্যাচ খেলে করেন ৬০ গোল। তার লিগের গোল রেকর্ড বর্তমানের ৩৮ ম্যাচে ভাঙা কঠিনই। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখতেই পারেন হালান্ড।

বুধবার রাতে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারায় ম্যানসিটি। এ ম্যাচে গোল করেন নাথান একে, হালান্ড ও ফিল ফডেন। ৭০ মিনিটে গোল করে ইতিহাস গড়েন হালান্ড। কোল ও শিয়েরার ৩৪ গোল করেছিলেন ৪২ ম্যাচের মৌসুমে। আর হালান্ড তা করলেন ৩৮ ম্যাচের মৌসুমে এবং এখনো পাঁচ ম্যাচ বাকি রয়েছে। কাজেই রেকর্ডটা তিনি কোথায় নিয়ে রাখেন, সেটিই এখন দেখার অপেক্ষা। গতকাল রাতে লিডসের মুখোমুখি হয় পেপ গার্দিওলার দল। ওই ম্যাচে গোলচার্ট আরেকটু সংহত করার সুযোগ ছিল হালান্ডের সামনে। তিনি এর আগে টানা তিন ম্যাচে গোল করেছেন। তবে গতকাল গোল পাননি এ নরওয়েজিয়ান ফরওয়ার্ড। ম্যাচে সিটি জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

ম্যানসিটির জয় ছাপিয়ে এদিন আলোচনায় ছিলেন হালান্ড। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে নাম লিখিয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড গড়লেন তিনি। ম্যাচ শেষে রেকর্ডবয় হালান্ডকে ‘‌গার্ড অব অনার’ দেন তার সতীর্থরা। 

২২ বছর বয়সী সুপারস্টার অবশ্য রেকর্ড নিয়ে খুব একটা ভাবতে চান না। তার কথায়, ‘‌বিশেষ রাত। বিশেষ মুহূর্ত। আমি খুবই আনন্দিত, গর্বিত। আর কী বলব। তবে আমি এসব রেকর্ড নিয়ে চিন্তা করে যেতে রাজি নই। আমি বাড়ি যাব, কিছুক্ষণ ভিডিও গেমস খেলব, কিছু খাব, এরপর ঘুমাব।’

হালান্ডের ৫১ গোলের মধ্যে ১২টি চ্যাম্পিয়ন্স লিগে। ম্যানসিটি ফাইনালে উঠলে তিনি আরো তিনটি ম্যাচ পাবেন। সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ইনফর্ম হালান্ডই এখন রিয়ালের জন্য চিন্তার কারণ হতে পারেন। লস ব্লাঙ্কোসরা আবার লা লিগায় তৃতীয় স্থানে নেমে গেছে। গতকাল কোপা ডেল রে ফাইনালে তারা ওসাসুনার মুখোমুখি হয়।