বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শট টেইট। চলতি মাসের শেষ দিকে টাইগারদের সঙ্গে যোগ দেবেন তিনি, চুক্তির মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আরেক ভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের বিদায়ের খবরও জানিয়ে দেয় বোর্ড।

৪২ বছর বয়সী টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগ ব্যাশ ও ইংলিশ কাউন্টিতে কোচ হিসেবে কাজ করেছেন। সদ্য সমাপ্ত মৌসুমে বিপিএলে চট্টগ্রাম কিংসের হেড কোচ হিসেবে কাজ করেছেন টেইট। এই দলটির হয়ে ২০১২-১৩ মৌসুমে খেলেছেনও।

অস্ট্রেলিয়ার জার্সিতে সব ফরম্যাটে মিলে ৫৯ ম্যাচ খেলেছেন টেইট। ইনজুরির কারণে অবশ্য ক্যারিয়ারটা তার লম্বা হয়নি। অস্ট্রেলিয়ার ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি।

বিসিবির দায়িত্ব গ্রহণের অনুভুতি প্রকাশ করে টেইট বলেছেন, ‘নতুন একটি যুগ, এখনই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেয়ার সেরা সময়। সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে, দলটিতে একঝাঁক মেধাবী তরুণ বোলার রয়েছে, যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট ক্রিকেট নয়। মানুষ চায় তরুণরা ফল নিয়ে আসুক। তাদের দিয়ে কীভাবে দলের জন্য আরো বেশি জয় নিয়ে আসা যায়, সেদিকেই আমার ফোকাস থাকবে।’

তিনি আরো বলেন, ‘ফিল সিমন্সের (হেড কোচ) সঙ্গে কাজ করতে পারাটাও হবে দারুণ ব্যাপার। আমি সামনের এই যাত্রার অপেক্ষায় রয়েছি।’

নিউজিল্যান্ডের সাবেক পেস বোলার আন্দ্রে অ্যাডামস বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হয়েছিলেন ২০২৪ সালে। অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর তিনি দায়িত্ব নিয়েছিলেন। দুই পক্ষের সমঝোতায় তার সঙ্গে বিসিবির চুক্তির ইতি টানা হয়েছে।