এ বছর জুন-জুলাই মাসে ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এবার মেয়েরা টানা ষষ্ঠ জয়ে বাছাইপর্ব শেষ করল। আজ তারা ৯০ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এটা টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের মেয়েদের তৃতীয় বৃহত্তম জয়।
নেপালের কীর্তিপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৫ বলে ৫৬ রান করেন ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায়। এছাড়া সোবহানা মোস্তারি ২৩ বলে ৪৭, দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১০১ রান তুলতে সমর্থ হয় স্কটল্যান্ড। মারুফা ২৫ রানে ৩টি ও স্বর্ণা আক্তার ১৩ রানে ২টি উইকেট নেন।
বিশ্বকাপে খেলবে ১২ দল। আগেই ৮ দলের টিকিট নিশ্চিত। বাছাইপর্ব থেকে এরই মধ্যে টিকিট পেয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আর দুটি দল পাবে মূল পর্বের টিকিট।









