পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে দারুণ জমে ওঠা সাত ম্যাচের টি২০ সিরিজের মীমাংসা আজ। ৩-৩ ব্যবধানে সমতায় রয়েছে সিরিজটি। আজ যারা জিতবে তারাই শিরোপা নিশ্চিত করবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
করাচিতে সিরিজের প্রথম চার ম্যাচে দুই দলই জিতেছে সমান দুটি করে ম্যাচ। লাহোরেও প্রথম দুই ম্যাচে লড়াইটা সমানে সমান। সর্বশেষ শুক্রবার রাতের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে সফরকারীরা। ফিল সল্টের তাণ্ডবে পিষ্ট হয়েছেন পাকিস্তানি বোলাররা। ৪১ বলে ৮৮ রানের দানবীয় ইনিংস খেলে ১৭০ রানের লক্ষ্যটাও তিনি ইংল্যান্ডের জন্য মামুলি বানিয়ে দেন। মঈন আলীর দল জিতেছে ৮ উইকেট ও ৩৩ বল হাতে রেখে। অ্যালেক্স হেলস ১২ বলে ২৭, বেন ডাকেট ১৬ বলে ২৬ ও ডেভিড মালান ১৮ বলে ২৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।
এর আগে বাবর আজমের ৮৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। ৭টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারেন পাকিস্তান দলনায়ক। এছাড়া ইফতিখার আহমেদ ২১ বলে ৩১ ও হায়দার আলী ১৪ বলে ১৮ রান করেন।










