সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। যদিও তিন ম্যাচের সিরিজে প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ খেলতে এসে চমকই দেখিয়েছে জিম্বাবুয়ানরা। আজ শনিবার টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। কিন্তু অনিয়মিত লেগ স্পিনার রায়ান বার্লের একটি স্পেল এলোমেলো করে দেয় স্বাগতিক অস্ট্রেলিয়ার পুরো ব্যাটিং অর্ডার।

৩ ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বার্ল। তাতে ৩১ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের ৯ জন ব্যাটার দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি। তবে অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে অবিচল ছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯৬ বলে ৯৪ রান করেছেন তিনি। বার্লের শিকার হওয়ার আগে হাঁকিয়েছেন ১৪টি চার ও দুইটি ছক্কা। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ১৯ রান।

অজিদের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ৬৬ বল ও তিন উইকেট হাতে রেখে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে। তাকুদজওয়ানাশে কাইতানো ও তদিওয়ানাশে মারুমানি ভালো সূচনা এনে দেন দলকে। দলীয় ৩৮ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফেরেন কাইতানো। এরপর জিম্বাবুয়ের ব্যাটারদেরও আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ওয়েসলে মাধেভেরে (২), সেন উইলিয়ামস ০ ও সিকান্দার রাজা ফেরেন ৮ রানে। তখন অজিদের পক্ষেই ম্যাচ কিছুটা হেলে পড়ে। কিন্তু অধিনায়ক চাকাভার দায়িত্বশীল ব্যাটিং ও পরের ব্যাটারদের ছোট ছোট ইনিংসের অবদানে জয় পায় জিম্বাবুয়ে। ৭২ বলে ৩৭ রানে অপরাজিত থেকে জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন চাকাভা। তার সঙ্গে ব্র্যাড ইভান্স ২ রানে অপরাজিত থাকেন। এছাড়া টনি মুনিওঙ্গা ১৭ ও রায়ান বার্ল ১১ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হেজেলউড ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বার্ল। সিরিজ সেরা হয়েছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।