ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ১৬ জুন শুরু হবে বাংলাদেশের প্রথম
টেস্ট। এমন সময় বাংলাদেশ দলে দুঃসংবাদ। পিঠের চোটে সিরিজই শেষ হয়ে গেছে মিডল
অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
আজ সন্ধ্যায় এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
অ্যান্টিগার
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিন পিঠের চোটে পড়েন
ডানহাতি ব্যাটার ইয়াসির। পরে এমআরআই স্ক্যানে দেখা যায়, কটিদেশীয় মেরুদন্ডে দুটি হারের
সন্ধিস্থলে চোট লেগেছে তার।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো
এক ভিডিও বার্তায় বলেন,
এ ধরণের চোট
থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। কাজেই তাকে এই সিরিজে পাওয়া
যাবে না।
২৬ বছর বয়সী ইয়াসির এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলে ২৪.৫০ গড়ে ১৯৬ রান
করেছেন। সাকিবের অনুপস্থিতিতে তিনি এ বছর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে
সুযোগ পেয়ে আলো ছড়ান। যদিও পরে শ্রীলংকার বিপক্ষে সিরিজে তিনি সুযোগ পাননি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, কাজেই ইয়াসিরের একাদশে ঢুকে পড়ার
দারুণ সম্ভাবনা ছিল এবার। যদিও চোট সেই সুযোগ কেড়ে নিল। এই পজিশনে সুযোগ মিলতে
পারে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের, যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন
ফরম্যাটেই দলে থাকা মোসাদ্দেক হোসেন শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে কোচের আস্থার প্রতিদান
দিতে পারেননি।
সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ জুন সেন্ট
লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর রয়েছে তিনটি টি২০ ও সমান সংখ্যক ওয়ানডে
ম্যাচের সিরিজ।
টেস্ট সিরিজ সামনে রেখে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যা ড্র হয়। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন
সাকিব আল হাসান।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক,
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, শহীদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।









