এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শ্রীলংকার বিপক্ষে জেতা খুবই প্রয়োজন ভারতের। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে কোণঠাসায় রোহিত শর্মা বাহিনী। অপরদিকে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে শ্রীলংকা। আজ ভারতের বিপক্ষে জিতলে ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে যাবে ক্রিস সিলভারউডের শিষ্যদের।
আজ মঙ্গলবার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারিয়ে দাপটের সঙ্গে এশিয়া কাপ শুরু করেছিল ভারত। অপরদিকে শ্রীলংকার শুরুটা হয় ঠিক উল্টো। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। কিন্তু পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে পা রাখে লংকানরা। যেখানে তারা প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারিয়েছে। টানা দুই জয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন হাসারাঙ্গা ও কুশল মেন্ডিসরা।
এখন পর্যন্ত টি২০তে ২৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। এরমধ্যে ১৭ বার জিতেছে ভারত এবং সাতবার জয় পেয়েছে শ্রীলংকা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ টি২০তে মুখোমুখি হয়েছিলো দুই দল। ভারতের মাটিতে তিন ম্যাচের ওই সিরিজে হোয়াইটওয়াশ হয় লংকানরা।
তবে এশিয়া কাপের ভারত-শ্রীলংকার হার-জিত সমান। ২০ ম্যাচের মধ্যে সমান ১০ বার করে জয় পেয়েছে ভারত ও শ্রীলংকা। ২০১৬ সালে টি২০ ফরম্যাটে হওয়া আসরে শ্রীলংকাকে ৫ উইকেটে হারায় ভারত।
শ্রীলংকা বোলিং আক্রমণ অনভিজ্ঞ। দলে অভিজ্ঞ ব্যাটারও নেই কুশল ছাড়া। কিন্তু টি২০ সংস্করণের জন্য ওই ব্যাটিং অর্ডারই শক্তিশালী। গত দুই ম্যাচে ১৭৫ ও ১৮৩ রান পাড়ি দিয়ে সেটা তারা প্রমাণও করেছে।
টানা দুই জয়ে আত্মবিশ্বাসও তুঙ্গে লংকানদের। দলটির অফস্পিনার মহেশ থিকশানার এক টুইট বার্তায় তা আরো স্পষ্ট হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, যখন আপনার ১১ জন ভাই আছে, তখন বিশ্বমানের খেলোয়াড় থাকার দরকার নেই।
আজও চাপহীন খেলবে শ্রীলংকা। এটি তাদের এগিয়ে রাখবে। অন্যদিকে ভারত টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী দল। পাকিস্তানের বিপক্ষে হেরে এমনিতেই চাপে রয়েছে তারা। তবে রোহিত, কোহলি, লোকেশ, সূর্যকুমার, হার্দিক ও ভুবেনশ্বরদের মতো সেরা ক্রিকেটাররা আছেন দলে। শ্রীলংকাকে হারানোর মতো সবকিছুই আছে তাদের।
পাকিস্তানের বিপক্ষে হারের পর বিরাট কোহলি জানান পরের ম্যাচেই ভারত ঘুরে দাঁড়াবে ভারত। তিনি বলেন, পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। শেষ দুই ম্যাচের দারুণ দুইটি জয় পেয়েছে তারা। আমাদের এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।










