উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সামনে পড়েছে ইংল্যান্ডের দল চেলসি, একই দেশের ম্যানচেস্টটার সিটি মুখোমুখি হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। এ নিয়ে টানা পঞ্চম মৌসুমে মুখোমুখি হবে সিটি ও রিয়াল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি দল শেষ ষোলোয় কোয়ালিফাই করলেও কেউই একে অপরের মুখোমুখি হচ্ছে না। প্রিমিয়ার লিগের বর্তমান শীর্ষ দল আর্সেনাল খেলবে জার্মানির বায়ার লেভারকুসেনের বিপক্ষে। এছাড়া নিউক্যাসল খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ তুরস্কের গ্যালাতাসারে আর টটেনহ্যাম খেলবে আরেক মাদ্রিদ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে ইতালির আটালান্টার বিপক্ষে, নরওয়ের চমক জাগানো দল বোডো/গ্লিমট খেলবে পর্তুগালের স্পোর্টিং লিসবনের বিপক্ষে।
শেষ ষোলোর প্রথম লেগের খেলা আগামী ১০ ও ১১ মার্চ এবং দ্বিতীয় লেগের খেলা আগামী ১৭ ও ১৮ মার্চ।
নিউক্যাসল ঘরের মাঠে প্রথম লেগ খেলবে। এছাড়া প্রিমিয়ার লিগের বাকি দলগুলো প্রথম লেগ অ্যাওয়েতে খেলবে।
এবার ফাইনাল আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।









