আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উচ্ছল দর্শককে মোহিত করছিলেন মোহিত শর্মা। কিন্তু শেষের হাসিটা তিনি হাসতে পারেননি, কিংবা গুজরাট টাইটান্সের দর্শকও নয়। শেষ হাসিটা হাসেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা, সেইসঙ্গে তার সতীর্থরা ও চেন্নাই সমর্থকরা।

 

ক্ষণে ক্ষণে রং বদলানো এই ফাইনালে গুজরাটকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এবং পাঁচবারই ধোনির নেতৃত্বে শিরোপা জিতল হলুদ জার্সিধারীরা।


 

বৃষ্টিবিঘ্নিত এই ফাইনালটি ভারী বর্ষণের কারণে রোববার থেকে পিছিয়ে সোমবার অনুষ্ঠিত হয়। এদিনও বাগড়া দেয় বৃষ্টি। টস হেরে ব্যাটিং পাওয়া গুজরাট সাই সুদর্শন (৪৭ বলে ৯৬), ঋদ্ধিমান সাহা (৩৯ বলে ৫৪), শুভমান গিল (২০ বলে ৩৯) ও হার্দিক পান্ডিয়ার (১২ বলে ২১*) ব্যাটে ভর করে ৪ উইকেটে ২১৪ রান তুলে চেন্নাইকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

 

এরপর চেন্নাই রান তাড়া করতে নামলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেটের সামনে পড়ে চেন্নাই। এই রান তাড়া করতে গিয়ে রুতুরাজ গায়কোয়াড় (২৬) ও ডেভন কনওয়ে (৪৭) দারুণ সূচনা এনে দেন দলকে। তারা ৩৯ বলে ৭৪ রান তুলে দিলে চেন্নাই পেয়ে যায় দারুণ একটি ভিত। সেই ভিতের ওপর দাঁড়িয়ে শিভাম দুবে (৩২*), আজিঙ্কা রাহানে (২৭), আম্বাতি রাইদু (১৯) ও জাদেজা (১৫*) দলকে জিতিয়েছেন।

 

ওভারপ্রতি ১১.৪ করে রান তুলতে গিয়ে সঠিক পথেই ছিল চেন্নাই। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৯ রান। মোহিত শর্মার প্রথম তিন বল থেকেই ১৬ রান তুলে নিলেন ক্যারিয়ারের শেষ আইপিএল ইনিংস খেলা রাইদু। কিন্তু এরপর টানা দুই উইকেট তুলে নিয়ে গুজরাটকে খেলায় ফেরান মোহিত শর্মা। সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২২ রান। মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে আরো কোনঠাসা চেন্নাই।

 

শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ১৪ রান। কিন্তু মোহিতের বল ছিল ভীষণ আনপ্লেয়াবল। তাই চার বল থেকে আসল ৪ রান। দুই বলে প্রয়োজন ১০ রান। গুজরাট খেলোয়াড়দের হাসি ক্রমেই চওড়া হচ্ছিল। তখনই জাদেজার বীরত্বপূর্ণ ব্যাটিং। নিজেকে নিংড়ে দিলেন যেন। মোহিতের ইয়র্কার মারা পঞ্চম বলে ছক্কা মেরে দিলেন তিনি। আত্মবিশ্বাসী এই ব্যাটারকে আর কে ফেরায়! ষষ্ঠ বলে লেগে চার মেরে সমীকরণ মিলিয়ে দিলেন বামহাতি ব্যাটার!

 

রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে শেষ পর্যন্ত শিরোপা উঠল ধোনিরই হাতে। এটা চেন্নাইয়ের পঞ্চম শিরোপা। আইপিএল শিরোপায় তারা ছুঁয়ে ফেলল মুম্বাইকে। এই দুই দল মিলেই শিরোপা জিতল ১০ বার। আর গতবার অভিষেক আসরেই শিরোপা জিতে নেয়া গুজরাটের এবার তীরে এসে তরি ডুবল যেন!

২৫ বলে ৪৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চেন্নাইয়ের ডেভন কনওয়ে, আর ৮৯০ রান করে গুজরাটের শুভমান গিল হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। সর্বোচ্চ ২৮টি উইকেট শিকার করেছেন গুজরাটের মোহাম্মদ শামি। এছাড়া রশিদ খান ও মোহিত শর্মা উভয়েই নিয়েছেন ২৭টি করে উইকেট।