আগামী ৩ জুলাই বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকা থেকে কলকাতা সফরে যাবেন তিনি। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলা ৩০ বছর বয়সী এই গোলকিপার।

 

মার্টিনেজ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই যাত্রা শুরু হবে। ‌বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’

 

৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর কাতারের মাটিতে বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টিনা। লাতিন জায়ান্টদের এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে মার্টিনেজের। গোলবারের নিচে বিশ্বস্ত এক নাম মার্টিনেজকে ডাকা হয় ‘‌বাজপাখি’ নামে।