হঠাৎ করেই যেন বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরে আসে একঝাঁক বিদেশীর আগমনে। ইংলিশ ফুটবলের সৌরভ নিয়ে হাজির হামজা চৌধুরী। ইতালি থেকে আসেন ফাহমিদুল ইসলাম, আর কানাডা থেকে শমিত সোম। তারা জাতীয় দলে যুক্ত হওয়ায় ফুটবল যেন ফিরে পায় হারানো গৌরব, জাগে নতুন আশা। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার স্বপ্ন বুনতে থাকে দেশবাসী। গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি সন্ধ্যায় শুরুর কথা থাকলেও দুপুর থেকেই স্টেডিয়ামপাড়ায় ভিড় করতে থাকে হাজার হাজার সমর্থক। দ্রুতই গ্যালারি পূর্ণ হয়ে যায় কানায় কানায়। যদিও বহুপ্রতীক্ষিত আর চরম উন্মাদনার এ ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে হেরে যায়।

হামজা চৌধুরী, রাকিব হোসেন, শমিত সোম দারুণ খেলেছেন। তাদের কল্যাণে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-২ গোলে হেরেছে স্বাগতিকরাই।

সং উই ইয়াংয়ের গোলে ৪৫ মিনিটে লিড নেয়ার পর ৫৮ মিনিটে ব্যবধান ২-০ করেন সিঙ্গাপুরের ইকসান ফান্দি। দুই গোলে পিছিয়ে পড়ে হতাশ হলেও হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে হামজার রক্ষণচেরা পাস থেকে গোল করে ব্যবধান কমান রাকিব (২-১)। এরপর সমতা আনতে মরিয়া বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে প্রতিপক্ষকে। যদিও গোল আর পাওয়া হয়নি। সুযোগ বারবার আসতে থাকলেও তা হাতছাড়া হয়। শেষ সেকেন্ডেও দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের লাফিয়ে নেয়া হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। এর পরই শেষ বাঁশি বাজান রেফারি।

সিঙ্গাপুরের সঙ্গে এ নিয়ে তিনবারের দেখায় দুবার হারল বাংলাদেশ। ১৯৭৩ সালে মারদেকা কাপে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়। সর্বশেষ ২০১৫ সালের ৩০ মে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারায় সিঙ্গাপুর। সেই একই মাঠে এবারও একই ব্যবধানে হারল বাংলাদেশ। যদিও গতকালের হারটি বড় ক্ষতি করল হাভিয়ের কাবরেরার দলের। এশিয়ান কাপের মূল পর্বে ওঠা এখন কঠিন হয়ে পড়বে হামজাদের জন্য।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি ১৬১ নম্বরে ও বাংলাদেশ ১৮৪ নম্বরে অবস্থান করছে। রেকর্ডও তাদের পক্ষে। এ ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিল দলটি, শেষ পর্যন্ত তারাই জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে ভারত, হংকং, বাংলাদেশ ও সিঙ্গাপুর চারটি দলেরই ছিল সমান ১ পয়েন্ট। গতকাল জয় পেয়ে এগিয়ে যায় সিঙ্গাপুর ও হংকং। মোট ছয়টি গ্রুপের শীর্ষস্থান দখলকারী ছয়টি দল উঠবে ২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে।

স্বাগতিক সৌদি আরবসহ মোট ২৪টি দল খেলবে ২০২৭ সালের এশিয়ান কাপে। এরই মধ্যে ১৮টি দল মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। এখন চলছে শেষ ছয়টি টিকিটের জন্য লড়াই। গতকাল আরেক ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে হংকং। সিঙ্গাপুর ও হংকং উভয়ের ঝুলিতে সমান ৪ পয়েন্ট; বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে।

অক্টোবরে হংকংয়ের সঙ্গে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর ঢাকায় ও ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ।