রাফায়েল নাদাল আজ রোলাঁ গারোয় খেলতে নামছেন ক্যারিয়ারের ৩০তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। স্প্যানিশ তারকার চেয়ে একটি করে ফাইনাল বেশি খেলেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। এদিক থেকে এক কদম দূরে থাকলেও তাদের চেয়ে একটি গ্র্যান্ড স্ল্যাম বেশি জিতে ইতিহাস গড়েছেন নাদাল (২১টি)। এবার রোলাঁ গারোর রাজার সামনে সুযোগ আরেকটু এগিয়ে যাওয়ার। আজ ফ্রেঞ্চ ওপেনে নিজের ১৪তম ফাইনালে তিনি মুখোমুখি হবেন অচেনা প্রতিপক্ষ নরওয়ের ক্যাসপার রুডের। এর আগে তার কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় রোলাঁ গারোর ক্লে কোর্টে নাদালকে চ্যালেঞ্জ জানাবেন তিনি।
ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়ে ফাইনালে ওঠা রুড আজকের প্রতিপক্ষকে নিয়ে যা বলেছেন তাতেই স্পষ্ট নাদালকে তিনি কীভাবে দেখছেন। তার কথায়, রাফা (নাদাল) আমার সারা জীবনের একজন আদর্শ। বিগ থ্রির তিনিই সর্বশেষ খেলোয়াড় যার বিপক্ষে আমি কখনো খেলিনি, কাজেই গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে তাকে মোকাবেলা করা হবে আমার জন্য চমত্কার এক ব্যাপার। জীবনের বিশেষ মুহূর্ত। সে তারই একাডেমির এক ছাত্রের বিপক্ষে খেলবে, কাজেই তার জন্য এটা স্রেফ মজা করার মতো ব্যাপার হবে। আমার জন্য এটা স্বপ্নের মতোই।
রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদালকে রোলাঁ গারোর রাজা বলা হয়। এখানে ফাইনালে উঠে কখনই হারেননি তিনি। ফ্রেঞ্চ ওপেনের ১২৬তম আসরেও এখন পর্যন্ত অনবদ্য নাদাল। ২৩ বছর বয়সী রুড বর্তমান এটিপি র্যাংকিংয়ের আট নম্বর খেলোয়াড়। চলতি ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল ওঠার আগ পর্যন্ত তাকে শীর্ষ ১০-এর কোনো তারকার মুখোমুখি হতে হয়নি। শুধু দ্বিতীয় রাউন্ডে ফিনল্যান্ডের এমিল রুসুভুরির বিপক্ষে সরাসরি সেটে জয় পেয়েছিলেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনে এটা নাদালের ১৭তম আসর। এর মধ্যে ১৪ বারই তিনি ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন। ২০০৯ সালে রবিন সোডারলিংয়ের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলেন। এরপর ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০২১ সালে সেমিফাইনালে হেরে বিদায় নেন তিনি। এই দুইবার তার প্রতিপক্ষ ছিলেন জোকোভিচ।
এর আগে ২৯টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে নাদাল হেরেছেন আটটিতে। বাকি ২১টিতেই জয় তার। নাদালের চেয়ে বেশি গ্র্যন্ড স্ল্যাম আর কারো নেই। ফেদেরার ও জোকোভিচের ২০টি করে। চ্যাম্পিয়ন পাবেন ১৬ লাখ ইউরো। মার্কা










