ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হারল বাংলাদেশ। অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে শিরোপার মীমাংসা হয়। সেখানে ৪-৩ গোলে হার মানে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। পরে সেমিতে নেপালকে ২-১ গোলে হারায় তারা। ভারত দুই ম্যাচে গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষকে। শ্রীলংকাকে ৮-০ গোলে ও নেপালকে ৪-০ গোলে হারায় স্বাগতিকরা। তারা সেমিতে মালদ্বীপকে হারায় ৩-০ গোলে। ফাইনালে অবিশ্বাস্য ফর্মে থাকা ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেললেও শেষ পর্যন্ত টাইব্রেকারে পরাজিত হয় বাংলাদেশের যুবারা।

গত বছর অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে নেপালকে হারায় বাংলাদেশ। ২০১৫ সালে প্রথম সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয় এ প্রতিযোগিতা। প্রথমবার ভারতকে হারিয়ে শিরোপা জেতে নেপাল। পরের দুই আসর হয় অনূর্ধ্ব-১৮। যে দুইবার ফাইনালে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ; ভারত ও নেপাল একবার করে শিরোপা পায়। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে ভারতের কাছে হেরে আবার শিরোপা হাতছাড়া করে যুবারা।