ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলংকায় এখন চরম অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার মাঝে সেখানে এশিয়া কাপ চালানো যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়। দেশটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আয়োজন করেছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। কিন্তু কঠিন পরিস্থিতিতে এশিয়া কাপের ছয় দলকে সামলানোর আত্মবিশ্বাস পাচ্ছে না তারা।

 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) ঝুঁকি নিতে চায় না। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক থাকবে। তবে প্রতিযোগিতাটি দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে। এ সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ভারতীয় এ গণমাধ্যম।

 

বলা হয়েছে, দেশটিতে জ্বালানির তীব্র ঘাটতির ফলে শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনে এটি প্রধান বাধা হয়েছে।

 

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপের কোয়ালিফায়ার পর্ব। হংকং, কুয়েত, সিঙ্গাপুর ও আরব আমিরাত- এ তিনটি দল খেলবে কোয়ালিফায়ার রাউন্ড। সেখান থেকে শীর্ষ দলটি যোগ দেবে মূলপর্বে। শ্রীলংকা, বাংলাদেশ,  ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ষষ্ঠ দল হিসেবে তারা যোগ দেবে।