আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসছে ২১তম নারী এশিয়ান কাপ ফুটবল। এ আসরে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরাও। এ প্রথমবার এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। নারী ও পুরুষ মিলিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছিল।
এশিয়ান কাপের এ আসরের জন্য সম্প্রতি ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। এ দলে ডাকা হয়নি দুবারের সাফ চ্যাম্পিয়ন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীনদের; যাদের হাত ধরে সম্প্রতি প্রথমবারের মতো সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপের দলে আছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া। ১৯ বছর বয়সী রানিয়ার সম্প্রতি সুইডেনের সিনিয়র ফুটবলে অভিষেক হয়েছে। এছাড়া লিগে পারফর্ম করা খেলোয়াড়দের এশিয়ান কাপের স্কোয়াডে রেখেছেন বাটলার।
মেয়েদের কোনো বিশ্রাম নেই। ঘরোয়া লিগ শেষেই এশিয়ান কাপের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে ঋতুপর্ণাদের, যা পিটার বাটলারের অধীনে শুরু হয়ে গেছে।
রাজশাহী স্টার্সের ডিফেন্ডার ও জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারের মনে হচ্ছে, লিগে খেলার অভিজ্ঞতা মার্চে চীন, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষের ম্যাচে কাজে লাগবে তাদের।
আফঈদা বলছিলেন, ‘লিগ হওয়ায় সুবিধা অনেক হয়েছে। কারণ এশিয়া কাপের খেলা আছে। আমরা যদি খেলার ভেতরে থাকতে পারি, গেম টাইম পাই, তাহলে ম্যাচগুলো থেকে আমাদের ভুলগুলো শিখতে পারব। এখানে যে ভুলগুলো আমাদের হয়েছে, সেগুলো শুধরে নিয়ে এশিয়া কাপের জন্য আমরা তৈরি হতে পারব। চীন, কোরিয়া ওরা তো খুবই ভালো দল, এশিয়ার মধ্যে সেরা দল। ওদের সঙ্গে খেলতে পারব, ওদের সঙ্গে খেলে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারব।’
বাংলাদেশ স্কোয়াড: গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন। মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন। ফরওয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।










