টেনিসে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম আসর উইম্বলডন গতকাল শুরু হলো। এবার খেলোয়াড়দের জন্য রয়েছে দারুণ সুখবর। প্রতিযোগিতায় এবার রেকর্ড ৪ কোটি ৪৭ লাখ পাউন্ড (প্রায় ৬১১ কোটি টাকা) প্রাইজমানি দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ২০২২ সালের চেয়েও ১১ দশমিক ২ শতাংশ বেশি এবং করোনা মহামারী-পূর্ব ২০১৯ সালের চেয়ে ১৭ দশমিক ১ শতাংশ বেশি প্রাইজমানি দেয়া হচ্ছে এবার। 

এবার নারী ও পুরুষ উভয় এককে চ্যাম্পিয়ন খেলোয়াড় প্রাইজমানি পাবেন ২৩ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ৩২ কোটি ১২ লাখ টাকা) ও উভয় ইভেন্টে রানারআপ পাবেন ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১৬ কোটি ৬ লাখ টাকা)। দুটি ইভেন্টেই ২০১৯ সালের চেয়ে প্রাইজমানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। খেলোয়াড়দের আরো বেশি উৎসাহ দিতে শুরুর দিকের রাউন্ডগুলোতে প্রাইজমানি বাড়ানো হয়েছে। কোয়ালিফাইং রাউন্ডে গতবারের চেয়ে ১৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে প্রাইজমানি। আর মূল ড্রতে এককে প্রথম রাউন্ডে হেরে গেলেও একজন খেলোয়াড় পাবেন ৫৫ হাজার পাউন্ড, যা ২০২২ সালের চেয়ে ১০ শতাংশ বেশি। নারী ও পুরুষ দ্বৈতে প্রাইজমানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ। আর হুইলচেয়ার ও কুয়াড হুইলচেয়ারের একক ও দ্বৈতে প্রাইজমানি বেড়েছে প্রায় ২০ শতাংশ। 

অল ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান ইয়ান হিউইট বলেন, ‘‌এ বছর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলা খেলোয়াড়দের রেকর্ড প্রাইজমানি দিতে যাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বেশির ভাগ ইভেন্টেই দুই অংক বেড়েছে প্রাইজমানি। আমাদের পরিকল্পনা এককের চ্যাম্পিয়ন ও রানারআপ প্রাইজমানি কভিড-পূর্ব জায়গায় ফিরিয়ে নেয়া এবং শুরুর দিকের রাউন্ডে প্রাইজমানি বাড়িয়ে দিয়ে খেলোয়াড়দের সহযোগিতা করা।’

এবার এককের সেমিফাইনালিস্ট ৬ লাখ, কোয়ার্টার ফাইনালিস্ট ৩ লাখ ৪০ হাজার, চতুর্থ রাউন্ড ২ লাখ ৭ হাজার, তৃতীয় রাউন্ড ১ লাখ ৩১ হাজার, দ্বিতীয় রাউন্ড ৮৫ হাজার ও প্রথম রাউন্ড ৫৫ হাজার পাউন্ড প্রাইজমানি পাবেন। নারী ও পুরুষ একক মিলে এবার প্রাইজমানি ৩ কোটি ২১ লাখ ৫৪ হাজার পাউন্ড, যা গতবারের চেয়ে ১০ দশমিক ৯ শতাংশ বেশি ও ২০১৯ সালের চেয়ে ১২ দশমিক ৯ শতাংশ বেশি।