রোববার রাতে নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জয় করা কার্লোস আলকারাজ র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রাখলেন। আজ সোমবার প্রকাশিত সর্বশেষ এটিপি র‍্যাংকিংয়ে স্প্যানিশ খেলোয়াড়টিই এক নম্বরে অবস্থান করছেন। আর মেয়েদের এককে ওন্স জাবেরকে হারিয়ে শিরোপা জেতা মারকেতা ভন্দ্রোউসোভা প্রথমবারের মতো শীর্ষ দশে উঠে এসেছেন।

 

আলকারাজ ১-৬, ৭-৬ (৬), ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে ২৩ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন জোকোভিচকে হারান। টুর্নামেন্ট শুরু করেছিলেন এক নম্বর হিসেবে, তাই শিরোপা জেতায় তার শীর্ষস্থান সংহতই থাকছে। জোকোভিচ জিতলে তিনি উঠে যেতেন এক নম্বরে। গত চারটি মেজর টুর্নামেন্টের মধ্যে তিনটিতেই শিরোপার ম্যাচ নির্ধারণ করে দিল, কে উঠবেন র‍্যাংকিংয়ের এক নম্বরে।

 

গত বছর সেপ্টেম্বরে ইউএস ওপেন ফাইনালে ক্যাসপার রুডকে হারানোর মধ্য দিয়ে প্রথম টিনএজ হিসেবে র‍্যাংকিংয়ের এক নম্বরে ওঠেন আলকারাজ। গত জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্তেফানো সিৎসিপাসকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেন জোকোভিচ। চলতি মৌসুমে ২০ বছর বয়সী আলকারাজ ও ৩৬ বছর বয়সী জোকোভিচই র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন।

 

আলকারাজকে নিয়ে জোকোভিচ বলেন, ‘আলকারাজ প্রমাণ করেছে, সন্দেহাতীতভাবেই সে বিশ্বের সেরা খেলোয়াড়।’

 

এদিকে ২৪ বছর বয়সী চেক খেলোয়াড় মারকেতা শনিবার ফাইনালে জাবেরকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেন। এই সাফল্য প্রভাব ফেলেছে র‍্যাংকিংয়েও। ৩২ ধাপ লাগিয়ে ৪২ থেকে তিনি উঠে এসেছেন ১০-এ। তিনি সর্বনিম্ন র‍্যাংকধারী ও প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে ঘাসের কোর্টে গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি গড়েন।

 

মেয়েদের এককে ১৫ মাসের সিংহাসন হারাতে বসেছিলেন ইগা সিয়ানতেক। যদিও আরিনা সাবালেঙ্কা শিরোপা জিততে না পারায় ইগা এক নম্বরে টিকে যান। ইগা কোয়ার্টার ফাইনালে ও সাবালেঙ্কা সেমিফাইনালে হেরেছেন।